শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পাকিস্তানি হাইকমিশনারের সাক্ষাৎ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫, ০২:০৯ পিএম
বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার ও পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন
expand
বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার ও পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন

বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার প্রথমবারের মতো সৌজন্য সাক্ষাৎ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাজধানীর পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকে দুই দেশের সাম্প্রতিক যোগাযোগ ও মন্ত্রী পর্যায়ের সফরের প্রশংসা করেন উভয় পক্ষ। আলোচনায় বিশেষভাবে উল্লেখ করা হয় গত আগস্টে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর এবং গত এপ্রিলে অনুষ্ঠিত ষষ্ঠ পররাষ্ট্র সচিব পর্যায়ের দ্বিপাক্ষিক পরামর্শ সভা।

সাক্ষাতে উভয় দেশই দীর্ঘ বিরতির পর আগামী ২৭ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া নবম যৌথ অর্থনৈতিক কমিশন (জেইসি) বৈঠককে স্বাগত জানায়। আশা প্রকাশ করা হয়, এ বৈঠক দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা আরও বাড়াবে।

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ভিসা প্রক্রিয়া সহজীকরণ ও বিমান যোগাযোগ পুনরায় চালুর ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এসব উদ্যোগ দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদার করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

দ্বিপাক্ষিক নানা ইস্যুতে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করে উভয়পক্ষই ভবিষ্যতে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ জানায়। বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, ইমরান হায়দার তার দায়িত্বকালে যেন নির্বিঘ্নে কাজ করতে পারেন, সে বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় সব ধরনের সহযোগিতা করবে।

বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ, সংস্কৃতি বিনিময় ও আঞ্চলিক সহযোগিতা প্রসঙ্গেও আলোচনা হয়।

সূত্র: বাসস

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন