সোমবার
১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আয়-ব্যয়ের হিসাবে মিল নেই, সাবেক মেয়র নাছিরের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ পিএম
চসিক সাবেক মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন। ছবি: সংগৃহীত
expand

ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ প্রায় ১৪ কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক মেয়র আ.জ.ম. নাছির উদ্দীনের বিরুদ্ধে মামলা করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান সংস্থাটির সচিব সাইদুর রহমান খান।

দুদকের অনুসন্ধানে নাছির উদ্দীনের আয় ও সম্পদ অর্জনের হিসাবে বড় ধরনের অসংগতি পাওয়া গেছে। এ অভিযোগে তার বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়েরের অনুমোদন দিয়েছে কমিশন।

অনুসন্ধানকালে প্রাপ্ত রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়, ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত নাছির উদ্দীনের ২ কোটি ৩০ লাখ ১৮ হাজার ৯১০ টাকার স্থাবর সম্পদ এবং ২৬ কোটি ৩৮ লাখ ১ হাজার ২৮৫ টাকার অস্থাবর সম্পদ রয়েছে।

ওই সময় পর্যন্ত তার ৬ কোটি ১৮ লাখ ৯৭ হাজার ৮ টাকা দায়-দেনার তথ্যপ্রমাণ পাওয়া যায়। দায়-দেনা বাদ দিলে তার নিট সম্পদের পরিমাণ দাঁড়ায় ২২ কোটি ৪৯ লাখ ২৩ হাজার ১৮৭ টাকা।

এ ছাড়া একই সময় পর্যন্ত তিনি পারিবারিক ও অন্যান্য খাতে ১৮ কোটি ১২ লাখ ৫৫ হাজার ৬৪৮ টাকা ব্যয় করেছেন। সব মিলিয়ে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত তার মোট সম্পদ ও ব্যয়ের পরিমাণ দাঁড়ায় ৪০ কোটি ৬১ লাখ ৭৮ হাজার ৮৩৫ টাকা।

অন্যদিকে, অনুসন্ধানে নাছির উদ্দীনের গ্রহণযোগ্য আয়ের পরিমাণ পাওয়া গেছে ২৬ কোটি ৬২ লাখ ৩৭ হাজার ২৬৫ টাকা।

দুদকের হিসাবে, আয় ও সম্পদ-ব্যয়ের মধ্যে ১৩ কোটি ৯৯ লাখ ৪১ হাজার ৫৭০ টাকার অসংগতি পাওয়া গেছে। দুদকের অভিযোগ, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে অসাধু উপায়ে অর্জিত অর্থ দিয়ে নাছির উদ্দীন জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন করে তা ভোগদখলে রেখেছেন।

এ ঘটনায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় একটি নিয়মিত মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুদক।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank