বুধবার
০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মানবিক, অন্তর্ভুক্তিমূলক ও বাসযোগ্য ঢাকা গড়তে সকলের সহযোগিতা প্রয়োজন: পানিসম্পদমন্ত্রী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ পিএম
পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি। ছবি: সংগৃহীত
expand

৪১৬ বছরের ঐতিহ্য ধারণ করে ঢাকাকে মানবিক, অন্তর্ভুক্তিমূলক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি। তিনি বলেছেন, ঢাকা কেবল একটি শহর নয় এটি দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও সংগ্রামের ধারক।

বুধবার (০৯ সেপ্টেম্বর) রাজধানীর শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) আয়োজিত বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পানিসম্পদমন্ত্রী বলেন, চিত্রাঙ্কনসহ বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ড শিশুদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি তাদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করে। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতিভার যথাযথ মূল্যায়ন করা সমাজের সবার সামাজিক ও নৈতিক দায়িত্ব।

ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে ডিএসসিসির মাসব্যাপী আয়োজনের প্রশংসা করে তিনি বলেন, বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সিটি করপোরেশন ঢাকাকে নতুনভাবে মানুষের সামনে তুলে ধরেছে। এ উদ্যোগের জন্য তিনি আয়োজকদের ধন্যবাদ জানান।

সংস্কৃতির বিকাশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা তুলে ধরে এ্যানি চৌধুরী বলেন, সাংস্কৃতিক অঙ্গনে তার ভূমিকা অনস্বীকার্য। তিনি শিশু একাডেমি প্রতিষ্ঠা করেছিলেন এবং সংস্কৃতিচর্চাকে উৎসাহিত করতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন চারুকলা ও শিল্পকলা প্রতিযোগিতার আয়োজন করেছিলেন।

তিনি আরও বলেন, জিয়াউর রহমানের ধারাবাহিকতায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দুস্থ শিল্পীদের অনুদান বাড়ানোর পাশাপাশি সাংস্কৃতিক চর্চার প্রসারে বহুমুখী কার্যক্রম গ্রহণ করেছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান জিয়া পরিবারের যোগ্য উত্তরসূরি হিসেবে সংস্কৃতি অঙ্গনের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে ঢাকার ৪১৬ বছর উপলক্ষে মাসব্যাপী আয়োজনের সমাপনী পর্বে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারী শিশুদের মধ্যে সম্মাননা ও সনদপত্র বিতরণ করা হয়।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চারুশিল্পী অধ্যাপক ড. আবদুস সাত্তার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আযহারুল ইসলাম শেখসহ সংশ্লিষ্টরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank