শুক্রবার
২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চীনের কাছ থেকে ইউনিটপ্রতি ২৫ টাকা দরে বিদ্যুৎ কিনবে সরকার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬, ০৮:১০ এএম
সংগৃহীত ছবি
expand
সংগৃহীত ছবি

চীনের একটি প্রতিষ্ঠানের কাছ থেকে ঢাকার আমিনবাজারে বর্জ্য থেকে উৎপাদিত বিদ্যুৎ প্রতি ইউনিট ২৫ টাকা দরে কিনবে সরকার। এ প্রকল্পে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৈঠক শেষে প্রতিমন্ত্রী মীর শাহে আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

বিদ্যুতের দাম বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, আমরা বিদ্যুৎ তাদের কাছ থেকে কিনবো ২৫ টাকা ইউনিট হিসেবে। প্রকল্পটি ১৮ মাসের মধ্যে উৎপাদনে যাওয়ার কথা রয়েছে। সে হিসেবে ২০২৮ সালের আগস্ট বা সেপ্টেম্বর নাগাদ আমিনবাজারে বর্জ্য থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে।

মীর শাহে আলম বলেন, বিদ্যুতের দাম তুলনামূলক বেশি মনে হলেও এ প্রকল্পের মাধ্যমে ঢাকার বর্জ্য ব্যবস্থাপনার বড় একটি সমস্যার সমাধান হবে। বাংলাদেশ সরকারকে এ প্রকল্পে কোনো বিনিয়োগ করতে হবে না।

প্রতিমন্ত্রী বলেন, আমাদের এই জাতির জন্য, ঢাকা শহরের জন্য ময়লা-আবর্জনা একটা বড় বোঝা। মূল্যটা হয়তো বেশি মনে হচ্ছে। কিন্তু পরিবেশের দিক বিবেচনা করলে, কার্বন ক্রেডিট বিবেচনা করলে আমাদের ওই খরচটা আবার অন্যভাবে চলে আসবে।

তিনি জানান, বর্জ্য প্রক্রিয়াজাত করার পাশাপাশি সেখান থেকে জৈব সারও উৎপাদন করা হবে। বিনিয়োগকারী প্রতিষ্ঠান ল্যান্ডফিল ব্যবহারের জন্য সিটি করপোরেশনকে মাসিক ভাড়া দেবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, আমিনবাজারের পাশাপাশি ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের ল্যান্ডফিলে জমে থাকা বর্জ্য থেকেও বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। সেখান থেকে প্রতিদিন ৪০ থেকে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে চীনের পাওয়ার চায়না নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন