

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাতীয় সংসদে দেওয়া সাম্প্রতিক এক বক্তব্যে পুলিশ বাহিনীতে বড় আকারের নতুন নিয়োগ এবং অভ্যন্তরীণ সংস্কারের নানা দিক তুলে ধরেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি জানান, পুলিশের দক্ষতা বৃদ্ধি ও বল বৃদ্ধিতে ৪ হাজার নিরস্ত্র উপপরিদর্শক (এসআই), ৪০০ সার্জেন্ট এবং ১০ হাজার কনস্টেবল পদে নতুন জনবল নিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে।
এই নতুন পদগুলো তৈরি হলে রংপুরসহ দেশের অন্যান্য জেলাগুলোতেও প্রয়োজন অনুযায়ী সদস্য সংখ্যা বাড়ানো সম্ভব হবে।
শুধু জনবল বাড়ানোই নয়, পুলিশের পরিবহন ও জলযানের দীর্ঘদিনের ঘাটতি মেটাতেও একটি ৫ বছর মেয়াদি পরিকল্পনা ঘোষণা করা হয়েছে। আগামী পাঁচ বছরে রাজস্ব বাজেটের আওতায় পর্যায়ক্রমে পুলিশের যানবাহন ও জলযান কেনা হবে।
এছাড়া বাহিনীর সব পর্যায়ের সদস্যদের নিয়মিত শারীরিক, একাডেমিক ও নৈতিক শিক্ষার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন যে, পুলিশ একাডেমিগুলোতে বর্তমানে যে প্রচলিত প্রশিক্ষণ ব্যবস্থা চালু রয়েছে, সেটাই যথেষ্ট। তাই নৈতিক শিক্ষার জন্য আলাদা কোনো বিশেষ প্রশিক্ষণের পরিকল্পনা আপাতত সরকারের নেই।
একই অধিবেশনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সরকারের অবস্থান স্পষ্ট করা হয়। গত ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে বিরোধীপক্ষের এক সাংসদ দাবি করলে স্বরাষ্ট্রমন্ত্রী তা নাকচ করে দেন।
তিনি স্পষ্ট জানান, ঢালাও অভিযোগ না তুলে নির্দিষ্ট তথ্য-প্রমাণসহ উপস্থাপন করতে হবে। সুনির্দিষ্ট কোনো ঘটনা বা অভিযোগ প্রমাণসহ সরকারের কাছে আনা হলে তা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


