শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

জোবায়েদ হত্যা: নিজ ছেলেকে থানায় দিয়ে যা বললেন মা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ০৯:৪৯ পিএম
expand
জোবায়েদ হত্যা: নিজ ছেলেকে থানায় দিয়ে যা বললেন মা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হোসাইনের হত্যাকাণ্ডে সন্দেহভাজন হিসেবে উঠে আসা মাহির রহমানকে থানায় হস্তান্তর করেছেন তার মা রেখা রহমান।

সোমবার (২০ অক্টোবর) তিনি মাহিরকে রাজধানীর চকবাজার থানায় নিয়ে যান এবং পুলিশের হাতে তুলে দেন।

মাহির রহমান পুরান ঢাকার আরমানিটোলার বাসিন্দা এবং শাবনাম বর্ষা নামের এক তরুণীর কথিত প্রেমিক। এবং নিহত জোবায়েদ ওই বর্ষাদের বাসায় টিউশনি করাতেন।

সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যায় একটি গণমাধ্যমের সঙ্গে ফোন আলাপে মাহিরের মা রেখা রহমান জানান, রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যায় রক্তাক্ত ও ক্ষত হাতে বাসায় ফেরে মাহির। ছেলের হাতে রক্ত দেখতে পেয়ে তিনি বিস্মিত হন। পরে মাহির পুরো ঘটনা খুলে বলে। এর পর তাকে কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

রেখা রহমান বলেন, ‘আমার ছেলে অপরাধ করেছে। তাই আমি তাঁকে পুলিশের হাতে তুলে দিয়েছি। ওই ছেলেটিও (জোবায়েদ) তো আরেক মায়ের সন্তান।’

মাহিরের মা রেখা রহমান আরও বলেন, ‘সেদিন সন্ধ্যায় ওই ছেলে (জোবায়েদ) টিউশনিতে যাওয়ার পথে মাহিরের সঙ্গে দেখা হয়। সে মাহিকে ডেকে মোবাইল থেকে বর্ষার ছবি মুছে ফেলতে বলে। মাহিরের এক বন্ধুও ঘটনাস্থলে ছিল। একপর্যায়ে মাহির ও জোবায়েদের মধ্যে ঝগড়া বাধে। জোবায়েদ দুর্ঘটনাবশত মারা যায়।’

রেখা রহমান বলেন, ‘আমার ছেলের সাথে ওই মেয়ের (বর্ষা) ৯ বছরের সম্পর্ক ছিল। তারা একই সাথে বড় হয়েছে। পরে তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়। কিন্ত কিছুদিন আগে ওই মেয়ে আমার ছেলেকে জানায় যে সে আর সম্পর্ক রাখবে না।’

এ বিষয়ে জানতে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কথা বলতে রাজি হননি। তিনি শুধু জানান, “এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।”

এদিকে পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে এবং তদন্তের স্বার্থে আরও বিস্তারিত তথ্য পর্যবেক্ষণ করা হচ্ছে।

দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হওয়া সংবাদ সম্মেলনে ডিএমপির লালবাগ জোনের উপকমিশনার মল্লিক আহসান উদ্দিন সামি বলেন, জোবায়েদ হত্যায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। তবে এখনই তাদের পরিচয় প্রকাশ করা হবে না। মঙ্গলবার (আগামীকাল) এ নিয়ে ব্রিফ করা হবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে সোমবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উপকমিশনার মল্লিক আহসান উদ্দিন সামি জানিয়েছেন, জোবায়েদ হোসাইনের হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে এখনই তাদের পরিচয় প্রকাশ করা হবে না। বিষয়টি নিয়ে বিস্তারিত তথ্য আগামীকাল (মঙ্গলবার) ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হবে বলেও জানান তিনি।

নিহত জোবায়েদ হোসাইন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি তিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।

গত রোববার (১৯ অক্টোবর) পুরান ঢাকার আরমানিটোলার নুরবক্স লেনের একটি বাসার সিঁড়ি থেকে জোবায়েদের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। জানা গেছে, তিনি ওই বাসায় টিউশনি করাতে যেতেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন