শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

মরদেহ মিলেছে জয় মিয়ার, খোঁজ নেই স্ত্রী মারজিয়ার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ০৯:৪১ এএম
জয় মিয়া ও তার স্ত্রী মারজিয়া সুলতানা। ছবি সংগৃহীত
expand
জয় মিয়া ও তার স্ত্রী মারজিয়া সুলতানা। ছবি সংগৃহীত

রাজধানীর মিরপুরের রূপনগরে কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে নেত্রকোনার তরুণ জয় মিয়া (২০)-এর মরদেহ শনাক্ত করে স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

তবে তার স্ত্রী মারজিয়া সুলতানার কোনো খোঁজ এখনও পাওয়া যায়নি।

মাত্র চার মাস আগে বিয়ে করা জয় ও মারজিয়া অগ্নিকাণ্ডের ঘটনার আটদিন আগে মিরপুরের একটি পোশাক কারখানায় চাকরি নিয়েছিলেন। পরিবারের একমাত্র মেয়ে নিখোঁজ হওয়ায় ভেঙে পড়েছেন মারজিয়ার বাবা সুলতান মিয়া।

তিনি বলেন, “ডিএনএ স্যাম্পল দেওয়া হয়েছে, কিন্তু মেয়ের কোনো খোঁজ নেই। পুলিশ বলেছে পরে জানাবে। আমি জানি না কোথায় খুঁজব আমার মেয়েকে।”

গত মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে রূপনগরের শিয়ালবাড়ি এলাকার পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে আগুন লাগে। ঘটনাস্থল থেকে ১৬ জনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। সেদিন রাতেই মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

রোববার (১৯ অক্টোবর) রাত সোয়া ১০টার পর নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর শুরু হয়।

জয়ের মরদেহ গ্রহণের পর তার বাবা সবুজ মিয়া বলেন, “ছেলের লাশ পেলাম, কিন্তু বৌমার এখনো কোনো খবর নেই।”

নিখোঁজ মারজিয়ার বাবা সুলতান মিয়া জানান, “চার মাস আগে মেয়ের বিয়ে দিয়েছিলাম নেত্রকোনার জয় মিয়ার সঙ্গে। দুজনেই মিরপুরের ওই কারখানায় কাজ শুরু করেছিল মাত্র আটদিন হলো।

তারা রূপনগর শিয়ালবাড়ি এলাকায় ভাড়া থাকতো। আমার একটাই মেয়ে, ওর কোনো খবর পাচ্ছি না। জয়কে দাফনের জন্য নেত্রকোনা নিয়ে যাচ্ছি, কিন্তু মেয়েকে না পেয়ে মনটা ছটফট করছে।”

রূপনগর থানার পরিদর্শক (তদন্ত) মোখলেসুর রহমান বলেন, “মোট ১৬টি মরদেহ উদ্ধার করা হয়েছে। সবগুলোই ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা হয়েছে। নিখোঁজদের ব্যাপারে তদন্ত চলছে।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন