

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আগামী ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। সংসদ সদস্যরা দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট দিতে পারবেন। এবারের নির্বাচনে মোট ভোটার ৩৪৯ জন।
ভোট দেওয়ার প্রক্রিয়া
সংসদ কক্ষে প্রবেশ: ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টার মধ্যে সংসদ কক্ষে প্রবেশ করে ব্যালট সংগ্রহ করতে হবে। নির্ধারিত সময়জুড়ে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।
আইডি কার্ড সঙ্গে রাখা: সংসদ কক্ষে প্রবেশের সময় সংসদ সচিবালয় থেকে দেওয়া পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে।
ব্যালট সংগ্রহ: নিজ আসনে বসার পর সহায়তাকারী কর্মকর্তার কাছ থেকে ভোটারের নাম ও বিভক্তি নম্বর সংবলিত ব্যালট পেপার নিতে হবে। ব্যালটের কাউন্টার ফয়েল বা চেকমুড়িতে নির্ধারিত স্থানে পূর্ণ নাম লিখে সেটি সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে ফেরত দিতে হবে।
পছন্দের প্রার্থীকে ভোট: ব্যালট পেপারে প্রার্থীদের নামের বিপরীতে নির্ধারিত স্থানে নিজের পূর্ণ নাম লিখে পছন্দের প্রার্থীকে ভোট দিতে হবে।
ব্যালট বাক্সে জমা: ভোট দেওয়া শেষ হলে ব্যালট পেপার সংসদ কক্ষে রাখা নির্ধারিত ব্যালট বাক্সে জমা দিতে হবে।
ব্যালট নষ্ট হলে: ভুলবশত কোনো ব্যালট পেপার নষ্ট হয়ে গেলে সেটি বাক্সে না ফেলে নির্বাচনকর্তার কাছে জমা দিতে হবে। এরপর নির্বাচনকর্তা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
প্রচারে নিষেধাজ্ঞা: ভোটগ্রহণ চলাকালে সংসদ সদস্যদের বৈঠকে কোনো ধরনের নির্বাচনী প্রচার, বক্তব্য বা ভাষণ দেওয়া যাবে না।
সমস্যা হলে যোগাযোগ: ভোট দেওয়ার সময় কোনো জটিলতা দেখা দিলে চিফ হুইপ অথবা বিরোধী দলের চিফ হুইপের সহায়তা নিতে হবে।
পূর্ণ নাম লেখা বাধ্যতামূলক: ব্যালট পেপারে ভোটারের পূর্ণ স্বাক্ষরের জায়গায় স্বাক্ষরের পরিবর্তে নিজের পূর্ণ নাম লিখতে হবে।
যেভাবে ফল ঘোষণা হবে: বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পরই ব্যালট গণনা শুরু হবে। প্রথমে মোট কতজন ভোট দিয়েছেন, কতটি ব্যালট বৈধ ও বাতিল হয়েছে এবং কতটি ব্যালট অব্যবহৃত রয়েছে—এসব হিসাব করা হবে। এরপর প্রতিটি প্রার্থী কতটি বৈধ ভোট পেয়েছেন, তা গণনা করা হবে।
সর্বাধিক বৈধ ভোট পাওয়া প্রার্থীকে বিজয়ী ঘোষণা করবেন নির্বাচনকর্তা। পরে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ফলাফলের গেজেট প্রকাশ করা হবে।
দীর্ঘ ৩৫ বছর পর এবারই আবার রাষ্ট্রপতি পদে সরাসরি প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে ভোট হতে যাচ্ছে। ফলে এবারের নির্বাচন নিয়ে রাজনৈতিক অঙ্গনে বিশেষ আগ্রহ তৈরি হয়েছে।


