

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চট্টগ্রামের ইপিজেড এবং ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ঘটে যাওয়া সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনাগুলো নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব।
শনিবার (১৮ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে তিনি মন্তব্য করেন, “দুই দিন আগেই চট্টগ্রামে ইপিজেডে আগুন, এরপর শনিবার শাহজালাল বিমানবন্দরে। এগুলো সাধারণ দুর্ঘটনা মনে হচ্ছে না—বরং এগুলো পরিকল্পিত নাশকতা (সাবোটাজ) হবার সম্ভাবনা বেশি।”
পোস্টে তিনি আরও দাবি করেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ রেখে যদি আমরা নির্বাচন প্রক্রিয়ার দিকে এগোই, তাহলে এ ধরনের ঘটনার সংখ্যা আরও বাড়তে পারে।
তিনি এমনও বলেন, ভারত ইতোমধ্যে আফগানিস্তানে নতুনভাবে অবস্থান নেওয়ার সুযোগ পেয়েছে। কিন্তু বাংলাদেশে এখনো তাদের কাঙ্ক্ষিত প্রভাব পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি।
জাতীয় নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ড. গালিব বলেন, আমাদের সবাইকে অতিমাত্রায় সতর্ক থাকতে হবে। যেকোনো বিদেশি আধিপত্যবাদী শক্তির ষড়যন্ত্র এখানে বাস্তবায়ন হোক, তা হতে দেওয়া যাবে না। ইনশাআল্লাহ, এসব ব্যর্থ হবে।
সম্প্রতি চট্টগ্রামের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর কয়েক দিনের মাথায় রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজেও ভয়াবহ আগুন লাগে। উভয় ঘটনায় দেশের রপ্তানি খাত এবং লজিস্টিক ব্যবস্থায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। দুই ঘটনাই তদন্তাধীন রয়েছে।
মন্তব্য করুন
