

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


অর্থ মন্ত্রণালয় রোববার (১৯ অক্টোবর) একটি নতুন প্রজ্ঞাপন জারি করেছে, যার মাধ্যমে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ৫ শতাংশ হারে বৃদ্ধি করা হয়েছে।
নতুন প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বাড়িভাড়া সর্বনিম্ন দুই হাজার টাকা হবে এবং এটি নভেম্বর মাস থেকে কার্যকর হবে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারের বিদ্যমান বাজেটের সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) করা হলো। এ আদেশ নভেম্বর মাস থেকে কার্যকর হবে।
প্রজ্ঞাপনে শিক্ষকদের এ বাড়িভাড়া প্রদানে কিছু শর্ত যুক্ত করা হয়েছে। সেগুলো হলো-
১. উক্ত বাড়িভাড়া ভাতা পরবর্তীতে জাতীয় বেতনস্কেল অনুযায়ী সমন্বয় করতে হবে।
২. ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) শিক্ষক-কর্মচারী এমপিও নীতিমালা-২০২১’, ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (মাদরাসা) শিক্ষক-কর্মচারী এমপিও নীতিমালা ২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত)’ এবং ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (ভোকেশনাল, ব্যবসায় ব্যবস্থাপনা, কৃষি ডিপ্লোমা ও মৎস্য ডিপ্লোমা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ সরকার কর্তৃক বিভিন্ন সময়ে জারিকৃত এ সংক্রান্ত প্রজ্ঞাপন, আদেশ, পরিপত্র, নীতিমালা অনুসরণপূর্বক নিয়োগের শর্ত পালন করতে হবে।
৩. ভাতা বৃদ্ধির ক্ষেত্রে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীরা কোনো বকেয়া প্রাপ্য হবেন না।
৪. ভাতা প্রদানের ক্ষেত্রে সকল আর্থিক বিধি-বিধান অবশ্যই পালন করতে হবে।
৫. এ ভাতা সংক্রান্ত ব্যয়ে ভবিষ্যতে কোনো অনিয়ম দেখা দিলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ অনিয়মের জন্য দায়ী থাকবেন।
শিক্ষকরা দীর্ঘদিন ধরে বাড়িভাড়া বৃদ্ধির দাবি জানিয়ে আন্দোলন করছেন। গত আগস্ট মাসে তারা ঢাকায় মহাসমাবেশে মূল বেতনের ওপর শতাংশ হারে বাড়িভাড়া ভাতা প্রদানের দাবি তোলেন। তবে, ৩০ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয় তাদের দাবিকে উপেক্ষা করে মাত্র ৫০০ টাকা বাড়ানোর প্রজ্ঞাপন জারি করে।
এরপর ৫ অক্টোবর শিক্ষক দিবসে ওই প্রজ্ঞাপন সামনে এলে তা নিয়ে শিক্ষক সমাজের মধ্যে ব্যাপক সমালোচনা শুরু হয়। তিন দফা দাবিতে শিক্ষকেরা ১২ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন। সেখানে পুলিশের সঙ্গে সংঘর্ষ ঘটে। বিকেলে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান শুরু করে এবং এরপরও বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।
সারাদেশের প্রায় ৩০ হাজার এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে টানা কর্মবিরতি চলছে। ১৩ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের এই কর্মসূচির কারণে ক্লাস-পরীক্ষা সহ সকল শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে।
শিক্ষকদের তিন দফা দাবি:
মূল বেতনের ওপর ২০ শতাংশ বাড়িভাড়া।
১,৫০০ টাকা চিকিৎসা ভাতা।
কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতা (বোনাস)।
মন্তব্য করুন
