

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সম্প্রতি একের পর এক ভয়াবহ অগ্নিকাণ্ডে উদ্বেগ প্রকাশ করেছেন জনপ্রিয় ইসলামি চিন্তাবিদ ও গবেষক মিজানুর রহমান আজহারী।
১৮ অক্টোবর, শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টে তিনি এই ঘটনা নিয়ে নিজের ভাবনা তুলে ধরেন।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ঘটে যাওয়া অগ্নিকাণ্ড, এর আগে মিরপুর ও চট্টগ্রামের ইপিজেডে আগুন লাগার ঘটনাগুলো উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন— এগুলো কি শুধুই দুর্ঘটনা, না কি এর পেছনে লুকিয়ে রয়েছে কোনো গভীর ষড়যন্ত্র?
আজহারী লেখেন, দেশে যেন অগ্নিকাণ্ড এক ধারাবাহিক চিত্রে পরিণত হয়েছে। দুর্ঘটনা ঘটলেই কিছুদিন হইচই হয়— প্রতিবাদ, মানববন্ধন, মিছিল আর টকশোতে আলোচনার ঝড়। এরপর সব কিছু আবার থেমে যায়। আগুন নিভে গেলে নেমে আসে নীরবতা। সেই পুরনো স্বাভাবিক অবস্থায় ফিরেও যায় সবাই। কিন্তু এই ঘটনার পুনরাবৃত্তি কি কেবল অব্যবস্থাপনা, নাকি এর পেছনে আছে সুপরিকল্পিত কোনো ষড়যন্ত্র?
তিনি প্রশ্ন তোলেন, দেশের অর্থনৈতিক ভিত্তি কি ইচ্ছাকৃতভাবে দুর্বল করে দেওয়ার চেষ্টা চলছে? কার্গো ভিলেজ, শিল্প এলাকা, বাণিজ্যকেন্দ্র— একের পর এক গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন লাগা নিছক কাকতালীয় নয় কি?
আজহারী লেখেন, এখনই সময় প্রতিটি অগ্নিকাণ্ডের পেছনে প্রকৃত কারণ অনুসন্ধান করার। বিষয়গুলো গভীরভাবে পর্যালোচনার দাবি রাখে। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান— নিরপেক্ষ তদন্ত করতে, প্রতিটি ঘটনায় দায়ীদের খুঁজে বের করতে এবং কঠোর ব্যবস্থা নিতে।
কমেন্টে তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ের অগ্নিকাণ্ডগুলো কেবল দুর্ঘটনা হিসেবে দেখলে ভুল হবে। রাজধানী থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্তে শিল্পকারখানা, আবাসিক এলাকা ও বাণিজ্যিক স্থানে যেভাবে আগুন লেগে চলছে, তা আমাদের জন্য এক ভয়ঙ্কর সংকেত। একদিকে প্রাণহানি, অন্যদিকে অর্থনৈতিক বিপর্যয়— দেশ যেন এক অভ্যন্তরীণ দুর্যোগের মধ্য দিয়ে যাচ্ছে।
তিনি স্বীকার করেন, পরিকল্পনাহীন নগরায়ণ, অপ্রতুল অগ্নি নিরাপত্তা ব্যবস্থা, দাহ্য বস্তু রাখার অনিয়ম, বিদ্যুৎ সংযোগের ত্রুটি, গ্যাস লিকেজ এবং জনসচেতনতার অভাব এসব ঘটনার কারণ হিসেবে বিবেচিত হতে পারে। তবে একই ধরনের ঘটনার ধারাবাহিকতা এটিকে কেবল দুর্ঘটনা হিসেবে দেখার সুযোগ দেয় না। এ ধরনের একের পর এক ঘটনা কোনো ষড়যন্ত্রের অংশ কি না— তা গভীরভাবে বিবেচনা করা দরকার বলেও মন্তব্য করেন তিনি।
পোস্টের শেষে আজহারী মহান আল্লাহর কাছে দোয়া করেন, যেন বাংলাদেশ সকল বিপদাপদ থেকে রক্ষা পায়। বিশেষ করে, এই ভয়াবহ অগ্নিকাণ্ডের মতো দুর্যোগ থেকে যেন আল্লাহ তায়ালা আমাদের প্রিয় মাতৃভূমিকে হেফাজত করেন। একই সঙ্গে তিনি ধৈর্য ধারণের শক্তি এবং এই সংকট কাটিয়ে উঠে ঘুরে দাঁড়ানোর তৌফিক কামনা করেন।
মন্তব্য করুন
