শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

আট মাস পর দেশে ফিরলেন বাংলাদেশি ১২ নাবিক

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ১০:৩৪ পিএম
আট মাস পর দেশে ফিরলেন বাংলাদেশি ১২ নাবিক
expand
আট মাস পর দেশে ফিরলেন বাংলাদেশি ১২ নাবিক

ভারতের সাগর উপকূলে আট মাস আগে উদ্ধার হওয়া ১২ বাংলাদেশি নাবিক অবশেষে স্বদেশের মাটিতে ফিরেছেন।

শনিবার (১৮ অক্টোবর) বিকেলে পশ্চিমবঙ্গের পেট্রাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্নের পর বেনাপোল ইমিগ্রেশন পুলিশ নাবিকদের বেনাপোল পোর্ট থানার কাছে হস্তান্তর করে। পরে মানবাধিকার সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার-এর সহায়তায় তাদের নিজ নিজ পরিবারের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।

ফিরে আসা নাবিকরা হলেন, রাজিব শেখ (২৭), শরিফুল শেখ (২০), বাপ্পি শেখ (১৮), মোহাম্মদ আলী (৪৪), মিহাত ফকির (২২), তরিকুল ইসলাম (২৯), শাওন মোল্লা (২৫), জিহাদ মোল্লা (২৫), আল আমিন শেখ (৩২), সাগর হোসেন (২৬), জসীমউদ্দিন শেখ (৫৩) ও আহাদ শেখ (২৬)।

তারা বাগেরহাট, মাগুরা, নড়াইল, গোপালগঞ্জ ও যশোর জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

ঘটনার সূত্রপাত হয় ৩১ জানুয়ারি ২০২৫ সালে, যখন ‘এমভি সি ওয়ার্ল্ড’ নামের একটি বাংলাদেশি পণ্যবাহী জাহাজ নরসিংদীর ঘোড়াশাল সিমেন্ট ফ্যাক্টরি থেকে ভারতে সিমেন্ট নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনায় পড়ে। জাহাজটি পশ্চিমবঙ্গের সুন্দরবনের সাগর থানার ঘোড়ামারি দীপ নদীতে ডুবে যায়। পরে ভারতীয় কোস্টগার্ড ও সাগর থানা পুলিশ জাহাজের ১২ নাবিককে উদ্ধার করে স্থানীয় কৃষ্ণনগর হাই স্কুল সাইক্লোন সেন্টারে আশ্রয় দেয়।

প্রায় আট মাস আশ্রয়কেন্দ্রে থাকার পর দুই দেশের সরকারের সমন্বয় ও কূটনৈতিক প্রচেষ্টায় অবশেষে তারা দেশে ফেরার অনুমতি পান।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক তাজুল ইসলাম বলেন, ভারতের সাগর উপকূলে উদ্ধার হওয়া ১২ বাংলাদেশি নাবিককে ট্রাভেল পারমিটের মাধ্যমে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের থানায় পাঠানো হয়।

জাস্টিস অ্যান্ড কেয়ারের ফিল্ড ফেসিলিটেটর শফিকুল ইসলাম জানান, দীর্ঘদিন পর বাংলাদেশি নাগরিকদের নিরাপদে দেশে ফেরাতে পেরে আমরা আনন্দিত। সব আনুষ্ঠানিকতা শেষ হলে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন