

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ককে আরও সুদৃঢ় করতে অতীতকে পেছনে ফেলে নতুন করে যাত্রা শুরুর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেছেন, ভৌগোলিক, সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিকসহ বিভিন্ন দিক থেকে বাংলাদেশ ও ভারত পরস্পরের ওপর নির্ভরশীল। দুই দেশের মধ্যে যেসব মতপার্থক্য বা ইস্যু রয়েছে, সেগুলো পারস্পরিক সহযোগিতা ও সমতার ভিত্তিতে আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব।
সোমবার (১০ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ইতিবাচক ও ফলপ্রসূ আলোচনা হয়।
সালাহউদ্দিন আহমদ বলেন, দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নিতে ভারতকে আন্তরিকতার সঙ্গে এগিয়ে আসতে হবে। সমতার ভিত্তিতে আলোচনা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বিদ্যমান সমস্যাগুলোর সমাধান করা সম্ভব।
বৈঠকে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, বাংলাদেশ ও ভারত শুধু ভৌগোলিক সীমানাই ভাগাভাগি করে না, বরং দুই দেশের জনগণ সমৃদ্ধির স্বপ্নও ভাগাভাগি করে।
গণতান্ত্রিক সংস্কৃতিতে বিভিন্ন বিষয়ে চ্যালেঞ্জ থাকা স্বাভাবিক উল্লেখ করে তিনি বলেন, আলোচনা ও কূটনৈতিক উপায়ে সমাধান করা যাবে না—দুই দেশের মধ্যে এমন কোনো জটিল ইস্যু নেই।
তিনি বলেন, সব চ্যালেঞ্জ অতিক্রম করে দুই দেশের জনগণের প্রত্যাশা একটি সুদৃঢ় ও চমৎকার সম্পর্ক, যা উভয় পক্ষের জন্য ‘উইন-উইন’ পরিস্থিতি তৈরি করবে। আগামী দিনে বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও সুদৃঢ় ও উজ্জ্বল হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বৈঠকে বিদ্যমান বন্দি বিনিময় ও প্রত্যর্পণ (এক্সট্রাডিশন) চুক্তির আওতায় ভারতে অবস্থানরত শেখ হাসিনাসহ চিহ্নিত সব পলাতক আসামিকে বাংলাদেশের বিচার ব্যবস্থার মুখোমুখি করতে ফেরত পাঠানোর অনুরোধ জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
এ ছাড়া শহীদ ওসমান হাদি হত্যা মামলার আসামিদেরও এক্সট্রাডিশন চুক্তি অনুযায়ী দ্রুত বাংলাদেশে ফেরত দেওয়ার অনুরোধ জানানো হয়।
জবাবে ভারতের হাইকমিশনার জানান, বিষয়টি ভারত আইনগতভাবে পরীক্ষা-নিরীক্ষা করে সিদ্ধান্ত নেবে।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ভারতীয় হাইকমিশনের সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।