

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানিয়েছেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে লাগা আগুনের ঘটনায় রাতের মধ্যে ফ্লাইট চালুর চেষ্টা চলছে।
শনিবার (১৮ অক্টোবর) ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা বলেন, এয়ারপোর্টের ফ্লাইট এই মুহূর্তে বন্ধ রয়েছে। এখানে শুধুমাত্র আমদানি কার্গোতে আগুনের ঘটনা ঘটেছে, রফতানি কার্গো নিরাপদ আছে।
তিনি আরও বলেন, এই মুহূর্তে আমাদের কাছে সবচেয়ে জরুরি হচ্ছে এয়ারপোর্টকে চালু করা। স্বাভাবিক কার্যক্রম যত দ্রুত পারা যায় চালু করা। ক্ষতি নিরূপণ করা এবং একটা কমিটি তৈরি করে দুর্ঘটনার কারণ বের করা।
বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা আরও বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে, তবে পুরোপুরি নির্বাপন হয়নি বলে জানান তিনি।
ভয়াবহ এই আগুন নিয়ন্ত্রণে সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, মোট এক হাজার আনসার সদস্য এখন পর্যন্ত ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে। আহতদের মধ্যে ৮ জনকে সেনানিবাসের সিএমএইচে ভর্তি করা হয়েছে, বাকি ৭ জনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, আগুন লাগার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
এ ছাড়াও বিমানবাহিনীর দুটি ফায়ার ইউনিট, নৌবাহিনী ও সেনাবাহিনী আগুন নিয়ন্ত্রণে যুক্ত হয়েছে। উদ্ধার ও সহায়তা কার্যক্রমে অংশ নিয়েছে বিজিবির দুই প্লাটুন সদস্যও।
মন্তব্য করুন
