শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিমানবন্দরে অগ্নিকাণ্ড: নিয়ন্ত্রণে ৩২ ইউনিট, সহায়তায় তিন বাহিনী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ০৪:৫৯ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের ৩২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

পাশাপাশি বিমান, নৌ ও সেনাবাহিনীর সদস্যরাও যৌথভাবে উদ্ধার ও নির্বাপণ কার্যক্রমে যুক্ত হয়েছেন।

শনিবার (১৮ অক্টোবর) দুপুরে বিমানবন্দরের ৮ নম্বর গেটসংলগ্ন কার্গো ভিলেজ এলাকায় আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, দুপুর ২টা ৩৪ মিনিটে খবর পাওয়ার পরপরই নয়টি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে ধাপে ধাপে আরও ২৩টি ইউনিট যোগ দিলে বর্তমানে মোট ৩২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আরও কয়েকটি ইউনিট ঘটনাস্থলের পথে রয়েছে বলে জানান তিনি।

অগ্নিকাণ্ডের পরপরই কালো ধোঁয়ায় ঢেকে যায় আশপাশের এলাকা। দূর থেকে কয়েক কিলোমিটার পর্যন্ত ধোঁয়ার স্তর দেখা যাচ্ছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

আগুনের ঘটনায় বিমানবন্দরে বিমান ওঠানামা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ।

অন্যদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে জানানো হয়েছে, অগ্নিনির্বাপণে বিমানবাহিনীর দুটি ফায়ার ইউনিট ও নৌবাহিনী কাজ করছে, পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও সহায়তা দিচ্ছেন।

এছাড়া বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর দুই প্লাটুন সদস্য উদ্ধার ও সহায়তা কার্যক্রমে যোগ দিয়েছেন বলে জানা গেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন