শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
জুলাই সনদ

৬ পদে নিয়োগ দিতে লাগবে না প্রধানমন্ত্রীর অনুমোদন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ০২:৩৪ পিএম
expand
৬ পদে নিয়োগ দিতে লাগবে না প্রধানমন্ত্রীর অনুমোদন

‘জুলাই সনদ’ অনুযায়ী রাষ্ট্রের বেশ কিছু উচ্চপদে নিয়োগের ক্ষেত্রে এবার আর প্রধানমন্ত্রীর সুপারিশ বা অনুমোদনের প্রয়োজন হবে না।

নতুন এই রাজনৈতিক সমঝোতা অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ মোট ছয়টি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিতে পারবেন রাষ্ট্রপতি, সরাসরি নিজস্ব বিবেচনায়।

শুক্রবার বিকেলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং দেশের শীর্ষ রাজনৈতিক নেতারা যৌথভাবে জুলাই সনদে স্বাক্ষর করেন।

গণ-আন্দোলনের প্রেক্ষাপটে তৈরি এই সনদ ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসের গণ-অভ্যুত্থানের শহিদ ও অংশগ্রহণকারীদের সম্মান জানিয়ে প্রণয়ন করা হয়। এটি বর্তমান রাজনৈতিক পটভূমিতে একটি গুরুত্বপূর্ণ দলিল হিসেবে দেখা হচ্ছে।

জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্রপতির নিয়োগক্ষমতা যেসব পদে প্রযোজ্য হবে, সেগুলো হলো: বাংলাদেশ ব্যাংকের গভর্নর, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও সদস্যগণ ,তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার ও কমিশনারগণ, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ও সদস্যগণ, আইন কমিশনের চেয়ারম্যান ও সদস্যগণ, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান ও সদস্যগণ।

এইসব নিয়োগে প্রধানমন্ত্রীর পরামর্শ বা সুপারিশ ছাড়াই রাষ্ট্রপতি সরাসরি সিদ্ধান্ত নিতে পারবেন। এই ক্ষমতা বর্তমান সংবিধানিক কাঠামোর একটি গুরুত্বপূর্ণ রদবদল হিসেবে বিবেচিত হচ্ছে।

জুলাই সনদের আলোকে শুধু নিয়োগই নয়, জরুরি অবস্থা জারির মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তেও পরিবর্তন আসছে। এখন থেকে দেশে জরুরি অবস্থা ঘোষণা করতে হলে শুধু প্রধানমন্ত্রী নয়, মন্ত্রিসভার অনুমোদনের পাশাপাশি বিরোধীদলীয় নেতার মতামতও নিতে হবে।

বর্তমান আইনে রাষ্ট্রপতি শুধু প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতিকে নিয়োগ দিতে পারেন সরাসরি। অন্যসব ক্ষেত্রে প্রধানমন্ত্রীকে সুপারিশ করতে হয়। তবে এই সনদ অনুযায়ী, কয়েকটি নির্বাচিত পদে সরাসরি রাষ্ট্রপতির নিয়োগক্ষমতা কার্যকর হবে।

এই সনদের মাধ্যমে ক্ষমতার বিকেন্দ্রীকরণ ও একক সিদ্ধান্তের উপর নির্ভরশীলতা কমিয়ে আরও অংশগ্রহণমূলক ও স্বচ্ছ ব্যবস্থাপনা গড়ে তোলার প্রচেষ্টা লক্ষ করা যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এটি ভবিষ্যতের রাষ্ট্র পরিচালনার ধরন পাল্টে দিতে পারে।

এমন এক সময় এই সনদ ঘোষণা করা হলো, যখন দেশের রাজনীতি এক দীর্ঘ অস্থিরতা ও গণআন্দোলনের মধ্য দিয়ে যাচ্ছে। জুলাই-আগস্ট মাসে যেসব প্রাণহানি ও গণজাগরণ হয়েছিল, তা স্মরণেই এই নতুন রাজনৈতিক পথনকশা প্রণয়ন করেছে অন্তর্বর্তী সরকার ও প্রধান দলগুলো।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন