শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

জুয়ার বিজ্ঞাপন প্রচার করলেই ওয়েবসাইট ব্লক

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ০২:১৩ পিএম
expand
জুয়ার বিজ্ঞাপন প্রচার করলেই ওয়েবসাইট ব্লক

দেশের ডিজিটাল প্ল্যাটফর্মে জুয়া, বেটিং এবং পর্নোগ্রাফি-সংক্রান্ত যেকোনো ধরনের প্রচার বা বিজ্ঞাপনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে সরকার।

১৯ অক্টোবর রবিবার থেকে কার্যকর হওয়া এই নির্দেশনায় বলা হয়েছে—এ ধরনের কোনো কনটেন্ট ওয়েবসাইট, অনলাইন সংবাদমাধ্যম বা ইলেকট্রনিক মাধ্যমে প্রচারিত হলে তাৎক্ষণিকভাবে কোনো পূর্ব সতর্কতা ছাড়াই সংশ্লিষ্ট প্ল্যাটফর্মটি ব্লক করে দেওয়া হবে।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় শনিবার (১৮ অক্টোবর)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম, অ্যাপ্লিকেশন এবং সামাজিক মাধ্যমে জুয়া ও বেটিং সম্পর্কিত বিজ্ঞাপন প্রচার বেড়েছে। এসব কর্মকাণ্ড সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। ফলে এসব অনিয়মের বিরুদ্ধে সরকার তাৎক্ষণিক ব্যবস্থা নিতে বাধ্য হচ্ছে।

সরকার এরই মধ্যে সংশ্লিষ্ট সকল মাধ্যমকে একাধিকবার সতর্ক করে বলেছে, এ ধরনের কনটেন্ট প্রচার থেকে বিরত থাকতে হবে। এর পরও কিছু অনলাইন নিউজ পোর্টাল ও প্ল্যাটফর্ম জুয়া ও বেটিংয়ের বিজ্ঞাপন চালিয়ে যাচ্ছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সরকারের নির্দেশনার পর ইতোমধ্যে কিছু প্রভাবশালী সংবাদমাধ্যম, যেমন—ক্রিকইনফো তাদের বিজ্ঞাপন নীতিতে পরিবর্তন এনেছে। তারা গেম্বলিং বা বেটিং প্ল্যাটফর্মের বিজ্ঞাপন সরিয়ে ফেলেছে, যা সরকারের দৃষ্টিতে ইতিবাচক উদ্যোগ। সংশ্লিষ্টদের এমন দায়িত্বশীল আচরণের জন্য ধন্যবাদ জানিয়েছে মন্ত্রণালয়।

দেশের ডিজিটাল নিরাপত্তা রক্ষায় সরকার বহুস্তরভিত্তিক নজরদারি চালাচ্ছে। এই প্রক্রিয়ায় একাধিক সংস্থা একযোগে কাজ করছে, যাদের মধ্যে রয়েছে: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)

জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি (NCSA),অপরাধ তদন্ত বিভাগ । জাতীয় নিরাপত্তা গোয়েন্দা ।জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্র। বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (BFIU)

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরকার দেশের সাইবার পরিমণ্ডলকে নিরাপদ, স্বাস্থ্যকর ও ভবিষ্যৎ প্রজন্মের উপযোগী রাখতে দৃঢ়প্রতিজ্ঞ। এই লক্ষ্যে নৈতিকতা বিরোধী, অবৈধ ও সমাজবিরোধী কনটেন্টের বিরুদ্ধে শূন্য সহনশীলতা অবলম্বন করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন