

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাড়ি ভাড়া, মেডিকেল ও উৎসব ভাতা বৃদ্ধির দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে টানা সাত দিন ধরে অবস্থান করছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।
নিজেদের ন্যায্য দাবি আদায়ে শনিবার (১৮ অক্টোবর) দুপুরে তারা কালো পতাকা মিছিল করবেন।
শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের নেতারা জানিয়েছেন, সরকার প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত তারা শহীদ মিনার ছাড়বেন না।
জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী জানান, ১০ অক্টোবর রাতে শুরু হওয়া অবস্থান কর্মসূচি এখন অনশনে পরিণত হয়েছে।
তিনি বলেন, প্রাথমিক স্তরের চার লাখ শিক্ষক আমাদের আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর ভিপিসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ আমাদের পাশে রয়েছেন। আমরা প্রতিজ্ঞা করেছি, ন্যায্য দাবি আদায় না করে শহীদ মিনার ত্যাগ করব না।
তিনি আরও বলেন, শিক্ষা উপদেষ্টার অসৌজন্যমূলক আচরণ ও প্রজ্ঞাপন জারি বিলম্বে ক্ষোভ জানিয়ে আমরা গতকাল থেকে অনশন শুরু করেছি। আজ দুপুর ১২টায় কালো পতাকা মিছিলের মাধ্যমে রাষ্ট্রের অবহেলার প্রতিবাদ জানাব।
দেলাওয়ার আজিজী হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা শিক্ষকদের ন্যায্য দাবির বিপক্ষে অবস্থান নিয়েছেন, তাদের বর্জনের সময় এসেছে। এখন বিদ্যালয়ে ঘণ্টা বাজবে না, ক্লাস চলবে না শহীদ মিনারই হবে আমাদের ঠিকানা।
এর আগে গত রোববার প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে পুলিশের সঙ্গে শিক্ষক-কর্মচারীদের ধস্তাধস্তি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে।
ওই ঘটনার পর সোমবার থেকে সারা দেশে পাঠদান বন্ধ রেখে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন এমপিওভুক্ত শিক্ষকরা।
যদিও সরকারের পক্ষ থেকে বাড়ি ভাতা ৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে, শিক্ষকরা তা প্রত্যাখ্যান করেছেন। তাদের দাবি, বাড়ি ভাতা ২০ শতাংশ, চিকিৎসা ভাতা ১৫০০ টাকা এবং কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করতে হবে। দাবি না মানা পর্যন্ত আন্দোলন আরও জোরদার হবে বলেও তারা ঘোষণা দিয়েছেন।
মন্তব্য করুন
