রবিবার
০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম বোর্ডের স্থগিত পরীক্ষা শুরুর নতুন তারিখ নির্ধারণ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ০৫:১৪ পিএম
ছবি: এনপিবি নিউজ
expand

বন্যার কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন পাঁচ জেলার এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা আগামী ২৭ জুলাই থেকে শুরু হবে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় বোর্ডের সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার সংশোধিত রুটিন অল্প সময়ের মধ্যেই প্রকাশ করা হবে।

এর আগে, বন্যা–পরবর্তী পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক অবস্থা, পরীক্ষার্থীদের শারীরিক ও মানসিক পরিস্থিতি এবং সড়ক যোগাযোগের সমস্যার কথা বিবেচনায় গত ১৬ জুলাই চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন ২০২৬ সালের এইচএসসি ও সমমানের অবশিষ্ট সব পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়।

একই কারণে মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম এবং কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্সের অবশিষ্ট পরীক্ষাগুলোও স্থগিত রয়েছে। এসব পরীক্ষার নতুন সময়সূচি সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড থেকে পৃথকভাবে জানানো হবে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এতদ্বারা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের উচ্চমাধ্যমিক/সমমান পর্যায়ের প্রতিষ্ঠান প্রধান, পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সাম্প্রতিক বন্যা-পরবর্তী পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত এলাকাসমূহের সার্বিক অবস্থা, পরীক্ষার্থীদের মানসিক ও শারীরিক অবস্থা, অংশীজনদের সাথে আলোচনা এবং বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট-এর কারণে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের আসা-যাওয়া অসুবিধার বিষয়টিসহ সার্বিক বিবেচনায় এইচএসসি/আলিম/এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা ২০২৬-এর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত রাখা হয়েছিলো। বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায়, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সকল জেলা প্রশাসকের প্রতিবেদন এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের আবেদনের প্রেক্ষিতে আগামী ২৭ তারিখ সোমবার থেকে বিদ্যমান সময়সূচি অনুযায়ী চট্টগ্রাম শিক্ষা বোর্ড, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন জেলাসমূহের বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি/আলিম/এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা ২০২৬-এর অবশিষ্ট পরীক্ষাসমূহ যথারীতি চলবে। প্রেস বিজ্ঞপ্তিতে আর ও বলা হয়েছে, স্থগিত হওয়া পরীক্ষাসমূহের সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank