

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চেয়ে আবেদন জানিয়েছেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম এবং তার সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ করা তার সাবেক গাড়িচালক ও ব্যক্তিগত সহকারী ওবায়দুর রহমান। তাদের বিরুদ্ধে হত্যার উদ্দেশ্যে হামলাসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের বিস্ফোরক অভিযোগ করেছেন তিনি।
সোমবার জীবনের নিরাপত্তা এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চেয়ে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট লিখিত আবেদন জানিয়েছেন তিনি।
লিখিত আবেদনে ওবায়দুর রহমান জানান, গত ১৪ জুলাই রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর পল্লবী থানাধীন উত্তর কালশীর আলীনগরে ‘রোজ গার্ডেন টাওয়ার ২’-এর ডি-২ ফ্ল্যাটে অবস্থান করছিলেন তিনি। সে সময় তাকে হত্যার উদ্দেশে লাঠিসোঁটা নিয়ে মারাত্মক হামলা চালান দুর্নীতির দায়ে চাকরিচ্যুত পুলিশের সাবেক এসআই আমিন এবং ইউনুস সরদারের ছেলে মাসুম বিল্লাহ ও মোক্তাসিম বিল্লাহ।
আবেদনে উল্লেখ করা হয়, ওবায়দুরের ওপর শারীরিক হামলার শব্দ শুনে পাশের কক্ষ থেকে তার মা ও ছোট বোন এসে অনেক চেষ্টার পর তাকে উদ্ধার করেন। পরবর্তী সময়ে মা ও বোনের সহায়তায় একটি সিএনজিযোগে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয় তাকে। বর্তমানে তিনি আত্মগোপনে আছেন এবং হামলাকারীরা তাকে হত্যা করবে বলে হুমকি দিচ্ছে।
ওবায়দুর রহমানের দাবি, এই হামলার নির্দেশদাতা সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলাম। তিনি দীর্ঘদিন গাজী নজরুলের ড্রাইভার ও পিএস হিসেবে কাজ করার সূত্রে তার নানা দুর্নীতি, জমি দখল, বালুমহাল দখল, ঘুষ গ্রহণ এবং নারীঘটিত অনৈতিক কর্মকাণ্ডের প্রত্যক্ষদর্শী। লিখিত আবেদনে এমপি গাজী নজরুলের বিরুদ্ধে একাধিক স্থানে অপ্রাপ্তবয়স্ক তরুণীকে নিয়ে অনৈতিক কর্মকাণ্ড ও সিসিটিভি ফুটেজে তার প্রমাণ থাকার কথা উল্লেখ করেন ওবায়দুর রহমান।
এই অবস্থায়, জীবনের চরম নিরাপত্তাহীনতার কথা জানিয়ে এই হামলার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিজের ও পরিবারের জীবনের সুরক্ষা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর প্রতি আকুল আবেদন জানিয়েছেন তিনি।