বুধবার
২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাহ্দী আমিনের সঙ্গে বিশ্বব্যাংকের ডিভিশন ডিরেক্টরের সাক্ষাৎ

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ০৭:২৪ পিএম
ছবি : সংগৃহীত।
expand
ছবি : সংগৃহীত।

বাংলাদেশে বিশ্বব্যাংকের ডিভিশন ডিরেক্টর জ্যঁ পেম প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎকালে সরকারের বিভিন্ন অগ্রাধিকারমূলক কর্মসূচি নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। বিশেষ করে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, দেশব্যাপী কর্মসংস্থান সৃষ্টি, নারীদের কর্মসংস্থান বৃদ্ধি, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সম্প্রসারণ এবং প্রান্তিক ও তৃণমূল পর্যায়ের নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নের বিষয়ে মতবিনিময় হয়।

বৈঠকে বিএনপির সরকারের উদ্যোগ-ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে কার্যকরভাবে সম্প্রসারণ এবং এর মাধ্যমে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী, বিশেষ করে নারীদের আরও বেশি অন্তর্ভুক্ত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। পাশাপাশি দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং কর্মসংস্থানমুখী শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

সাক্ষাৎকালে তৃণমূল পর্যায়ের সকল মানুষের ক্ষমতায়ন, বিএনপির নির্বাচনী ইশতেহারের বিভিন্ন অগ্রাধিকার, সরকারের পলিসি এবং সেগুলোর কার্যকর বাস্তবায়ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, জনকল্যাণ, কর্মসংস্থান সৃষ্টি এবং সকল পর্যায়ের জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে সম্ভাব্য সহযোগিতার বিভিন্ন দিক নিয়েও মতবিনিময় হয়।

বিশ্বব্যাংকের প্রতিনিধিরা বিশ্বের বিভিন্ন দেশে উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের অভিজ্ঞতা বাংলাদেশের সঙ্গে ভাগাভাগি করার আগ্রহ প্রকাশ করেন। একই সঙ্গে, সরকারের অগ্রাধিকারমূলক কর্মসূচিগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় কারিগরি সহযোগিতা প্রদান এবং সংশ্লিষ্ট খাতে সরকারের সঙ্গে একযোগে কাজ করার আগ্রহের কথাও জানান।

এসময় বিশ্বব্যাংকের প্রতিনিধি দলে ছিলেন গেইল এইচ. মার্টিন, ধ্রুব শর্মা, আনিকা রহমান, সৈয়দ রাশেদ, আল-জায়েদ জশ এবং শ্রায়না ভট্টাচার্য।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন