

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গোর জুলাইয়ের শেষ সপ্তাহে বাংলাদেশ সফরে আসছেন। যদিও তার সফরের নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের বিদেশ সফর শেষে দেশে ফেরার সময়ের সঙ্গে সমন্বয় করেই এ সফর অনুষ্ঠিত হবে।
কূটনৈতিক সূত্র বলছে, আগামী ২৮ জুলাই তিন দেশ সফর শেষে পররাষ্ট্রমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে। এরপরই সার্জিও গোরের ঢাকা সফরের সম্ভাবনা রয়েছে।
পাঁচ মাস আগে বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর এটিই হবে কোনো মার্কিন বিশেষ দূতের প্রথম বাংলাদেশ সফর। ফলে সফরটি কূটনৈতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব বহন করছে।
কূটনৈতিক সূত্রগুলোর মতে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরে মোংলা বন্দর আধুনিকায়ন, তিস্তা নদী প্রকল্প, প্রতিরক্ষা সহযোগিতা এবং চট্টগ্রামে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠাসহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে চুক্তি হয়েছে। বিশেষ করে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হওয়ার প্রেক্ষাপটে মার্কিন বিশেষ দূতের এই সফরকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
কূটনৈতিক পর্যবেক্ষকদের মতে, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্র ও চীনের কৌশলগত প্রতিযোগিতার মধ্যে বাংলাদেশের ভূরাজনৈতিক গুরুত্ব বেড়েছে। এ কারণে ঢাকা-ওয়াশিংটনের সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তা, অর্থনৈতিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় সফরের আলোচনায় স্থান পেতে পারে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করা, আঞ্চলিক বিভিন্ন ইস্যু এবং পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণ নিয়েই মূলত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
সার্জিও গোর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। তিনি ভারতের মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব পালনের পাশাপাশি দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন বিশেষ দূতের দায়িত্বও পালন করছেন।
এদিকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সফরে রয়েছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব গ্রহণ উপলক্ষে আগামী ২৩ জুলাই তিনি ফিলিপাইনের রাজধানী ম্যানিলা সফর করবেন। সেখানে ৩৩তম আসিয়ান রিজিওনাল ফোরামে অংশ নেওয়ার কথা রয়েছে তার।
এরপর ম্যানিলা থেকে সরকারি সফরে মালদ্বীপ যাবেন পররাষ্ট্রমন্ত্রী। আগামী ২৬ জুলাই মালদ্বীপ সরকারের আমন্ত্রণে দেশটির স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। সফর শেষে ২৮ জুলাই তার দেশে ফেরার কথা রয়েছে।
সূত্র : বাংলা ট্রিবিউন