

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সরকার দেশের চারটি জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে। এর মধ্যে দুই কর্মকর্তার জেলা পরিবর্তন করা হয়েছে, বাকি দুইজন নতুন করে ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন।
চট্টগ্রাম, চাঁপাইনবাবগঞ্জ, মাদারীপুর ও ফেনী—এই চার জেলাকে ঘিরে বুধবার (১৫ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।
বুধবার (১৫ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব আমিনুল ইসলাম এ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ফেনীর ডিসি সাইফুল ইসলামকে চট্টগ্রামে বদলি করা হয়েছে। গত ২১ সেপ্টেম্বর চট্টগ্রামের ডিসি ফরিদা খানমকে প্রত্যাহার করে সেখানে নওগাঁর ডিসি মোহাম্মদ আব্দুল আউয়ালকে বদলির আদেশ জারি করেছিল জনপ্রশাসন। কিন্তু নানা বিতর্কের পর গতকালের আদেশে আব্দুল আউয়ালের ওই আদেশ বাতিল করা হয়। তাকে এখন নওগাঁতেই থাকতে হচ্ছে।
অন্যদিকে বিদ্যুৎ বিভাগের উপসচিব মোহাম্মদ সোলায়মানকে চাঁপাইনবাবগঞ্জের ডিসি হিসেবে বদলি করা হয়েছে। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মিজ আফছানা বিলকিসকে মাদারীপুরের ডিসি করেছে সরকার। এছাড়া নওগাঁর ডিসি হিসেবে আদেশাধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মিজ মনিরা হককে ফেনীর ডিসি করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের বর্ণিত কর্মকর্তাদের তাদের নামের পাশে বর্ণিত জেলায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে পদায়ন/বদলি করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়সূত্রে জানা গেছে, পদোন্নতি পেয়ে যুগ্মসচিব হওয়ার পরও যারা এখনো ডিসি পদে দায়িত্ব পালন করছেন তাদেরকে শিগগিরই প্রত্যাহার করে বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগে পদায়ন করা হবে। সেসব জেলায় নতুন করে ডিসি নিয়োগ দেওয়া হবে।
মন্তব্য করুন
