শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ০৮:৪১ এএম আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, ০৯:০১ এএম
দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
expand
দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

ইতালির রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত ওয়ার্ল্ড ফুড ফোরামে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (১৫ অক্টোবর) সকাল ৮টা ২০ মিনিটে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিষয়টি প্রধান উপদেষ্টার প্রেস উইং নিশ্চিত করেছে।

এর আগে মঙ্গলবার (১৪ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রোমের ফিউমিসিনো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি ঢাকার উদ্দেশে রওনা দেন।

গত রবিবার (১২ অক্টোবর) বিকেলে ড. ইউনূস রোমে পৌঁছান। বিমানবন্দরে তাকে স্বাগত জানান ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত এটিএম রোকেবুল হক।

দুই দিনের এই সফরের মূল কর্মসূচি ছিল সোমবার আয়োজিত ওয়ার্ল্ড ফুড ফোরামের উদ্বোধনী অধিবেশন, যেখানে ড. ইউনূস প্রধান বক্তা হিসেবে ভাষণ দেন। তিনি বৈশ্বিক দারিদ্র্য বিমোচন ও ক্ষুধা মোকাবিলায় ছয় দফা প্রস্তাবনা উপস্থাপন করেন। আন্তর্জাতিক অঙ্গনে তার এই বক্তব্য ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে বলে জানা গেছে।

সফরকালে তিনি ব্রাজিলের প্রেসিডেন্ট, জিবুতির প্রধানমন্ত্রী এবং রোম সিটির মেয়রের সঙ্গে পৃথক বৈঠকে মিলিত হন। এসব বৈঠকে উন্নয়ন সহযোগিতা, কৃষি প্রযুক্তি বিনিময়, সামাজিক ব্যবসার প্রসার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়।

কূটনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, এই সফর বাংলাদেশের আন্তর্জাতিক উপস্থিতি আরও সুদৃঢ় করেছে এবং বৈশ্বিক পরিসরে দেশের ভাবমূর্তি উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন