

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বন্যা পরিস্থিতির মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতসহ তিন দফা দাবিতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঘেরাও করেছে শিক্ষার্থীদের একাংশ। এরআগে তারা সায়েন্স ল্যাব মোড়ে সড়ক অবরোধ কর্মসূচি পালন করে।
মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টা ৪৫ মিনিটের দিকে ‘২০২৬ ব্যাচ এইচএসসি পরীক্ষার্থী’ পরিচয়ে একদল শিক্ষার্থী রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। কর্মসূচি শেষে তারা মিছিল নিয়ে নীলক্ষেত মোড় অতিক্রম করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তোরণ গেট দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেন।
দুপুর প্রায় ১২টা ৫৫ মিনিটে মিছিলটি ভিসি চত্বরের পূর্ব পাশে পৌঁছালে পুলিশ তাদের অগ্রযাত্রায় বাধা দেয়। এ সময় ঘটনাস্থলে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। কিছু সময় সেখানে অবস্থান করার পর শিক্ষার্থীরা আবার তোরণ গেট হয়ে পলাশী মোড়ের দিকে এগিয়ে গিয়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার সামনে অবস্থান নেন।
শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বলেন, তাদের দাবিগুলো গুরুত্বসহকারে শোনা হচ্ছে এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিষয়গুলো জানানো হয়েছে। এখন সিদ্ধান্তের জন্য অপেক্ষা করা হচ্ছে।
আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে—দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখা, বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ।
বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা ‘দফা এক, দাবি এক—মিলনের পদত্যাগ’ স্লোগান দেয়। পাশাপাশি শিক্ষামন্ত্রীকে উদ্দেশ্য করে বিভিন্ন স্লোগানও দিতে দেখা যায়।
