

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুমিল্লার লাকসামে একটি বৃক্ষরোপণ কর্মসূচির ভিডিওকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল কালামের বিরুদ্ধে লাকসাম পৌর বিএনপির সহসভাপতি আবুল হোসেন মিলনকে লাথি দেওয়ার অভিযোগ উঠেছে।
তবে অভিযোগ অস্বীকার করেছেন সংসদ সদস্য আবুল কালাম। তার দাবি, এমন কোনো ঘটনা ঘটেনি। তিনি বলেন, ‘সে আমার ভাই। আমাদের মধ্যে এমন কোনো ঘটনা হয়নি।’
স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার (৪ জুলাই) লাকসাম উপজেলা পরিষদ চত্বরে ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলা মিলনায়তনের পাশে অনুষ্ঠিত এ আয়োজনে স্থানীয় রাজনৈতিক নেতা-কর্মী, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানের একপর্যায়ে সংসদ সদস্য আবুল কালাম লাকসাম পৌর বিএনপির সহসভাপতি আবুল হোসেন মিলনের কাছে যান। এরপর সেখানে একটি অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়। ভিডিওতে একজনকে পা দিয়ে আঘাত করার মতো দৃশ্য দেখা গেছে বলে অভিযোগ করা হচ্ছে।
তবে ওই পরিস্থিতির পেছনের কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় রাজনৈতিক মহলসহ বিভিন্ন পর্যায়ে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। অনেকে ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্তের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে বক্তব্য জানতে আবুল হোসেন মিলনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালাম বলেন, ‘আরে না ভাই, কেউ বানিয়ে দিয়েছে। সে অলরেডি মনে হয় একটি বিবৃতি দিয়েছে। আমরা একসঙ্গেই ছিলাম। সে আমার ছোট ভাই। আমাদের মধ্যে এমন কোনো ঘটনা ঘটেনি।’
