শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষা উপদেষ্টার বৈঠকের প্রস্তাব নাকচ করলেন আজিজী

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ০১:১২ পিএম
শিক্ষা উপদেষ্টা ড. সি. আর. আবরার ও শিক্ষক নেতা অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী
expand
শিক্ষা উপদেষ্টা ড. সি. আর. আবরার ও শিক্ষক নেতা অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী

বাড়ি ভাড়াসহ তিন দফা দাবিতে সরকারকে আল্টিমেটাম দিয়েছে এমপিওভুক্ত শিক্ষকরা। বিকেল ৪টার মধ্যে দাবি পূরণ না হলে সচিবালয় অভিমুখে লং মার্চ করার ঘোষণা দিয়েছেন তারা।

এদিন সকালে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরারের সঙ্গে বৈঠকের প্রস্তাব দেওয়া হলে, সেটি প্রত্যাখ্যান করেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী।

আজিজী জানান, “এখন আলোচনার সময় নয়। তারা যদি সিদ্ধান্ত নিয়ে থাকে, আমাদের জানাক। প্রজ্ঞাপন প্রকাশে দেরি হলেও অসুবিধা নেই, কিন্তু আমাদের অন্ধকারে রাখা চলবে না।” তিনি বিকেল ৪টা পর্যন্ত লং মার্চ স্থগিত রাখার ঘোষণা দেন।

এর আগে সোমবার রাতেই আজিজী বলেছিলেন, “রাতের মধ্যে প্রজ্ঞাপন না এলে লং মার্চ এবং কর্মবিরতি অব্যাহত থাকবে।”

এদিকে আন্দোলনের চাপের মুখে শিক্ষকদের বাড়ি ভাড়া বাড়ানোর বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। জানা গেছে, মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়ি ভাড়া বৃদ্ধির প্রস্তাব নিয়ে আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) শিক্ষা ও অর্থ মন্ত্রণালয়ের মধ্যে বৈঠক হওয়ার কথা।

শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, “অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে। দ্রুতই ইতিবাচক খবর দিতে পারব বলে আশা করছি।”

তিনি আরও বলেন, “শিক্ষকদের দাবি অনুযায়ী বাড়ি ভাড়া মূল বেতনের ২০ শতাংশ করার বিষয়টি বিবেচনায় আছে। অন্যান্য দাবিগুলোও গুরুত্বসহকারে দেখা হচ্ছে।”

অন্যদিকে দুপুরে বক্তব্যে অধ্যক্ষ আজিজী বলেন, “২০ মানে ২০, ১৯ হবে না। ১৫০০ মানে ১৫০০, ৭৪ হবে না। দাবি পূরণ না হলে এই আন্দোলন দেশজুড়ে ছড়িয়ে পড়বে।”

তিনি আরও জানান, “আন্দোলন এখন বিজয়ের দ্বারপ্রান্তে। ২০ শতাংশ বাড়ি ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং ৭৫ শতাংশ উৎসব ভাতা আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না।”

এমপিওভুক্ত শিক্ষকদের সংগঠন জানিয়েছে, দাবি পূরণ না হওয়া পর্যন্ত সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতি অব্যাহত থাকবে এবং ক্লাস কার্যক্রম বন্ধ থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন