শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

মেজর জেনারেল কবীর যেন পালাতে না পারে, আখাউড়া সীমান্তে ‘রেড অ্যালার্ট’ জারি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ০৫:২১ পিএম
আখাউড়া সীমান্তে ‘রেড অ্যালার্ট’ জারি
expand
আখাউড়া সীমান্তে ‘রেড অ্যালার্ট’ জারি

মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় তদন্তাধীন বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা মেজর জেনারেল কবীর আহাম্মদকে আটক করতে দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় সতর্কাবস্থা জারি করা হয়েছে। বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন ও সীমান্তে বাড়ানো হয়েছে নজরদারি।

সূত্র জানায়, গুমসংক্রান্ত মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে গ্রেফতারি পরোয়ানা জারির পর সেনাবাহিনীর পক্ষ থেকে তাকে ‘অবৈধভাবে অনুপস্থিত’ ঘোষণা করা হয়েছে। এ ঘটনায় কবীর আহাম্মদ যাতে কোনোভাবে দেশ ত্যাগ করতে না পারেন, সে লক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), ইমিগ্রেশন পুলিশ, ডিজিএফআই ও এনএসআই যৌথভাবে সতর্কতা জারি করেছে।

শনিবার বিকেলে ঢাকা সেনানিবাসে এক সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সেনাবাহিনীর নিয়ম অনুযায়ী ১০ অক্টোবর মেজর জেনারেল কবীর আহাম্মদকে অবৈধভাবে অনুপস্থিত ঘোষণা করা হয় এবং প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করে সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে কড়া তদারকি চলছে বলে জানিয়েছেন ওসি আব্দুস সাত্তার।

তিনি বলেন, যে কেউ এই পথ দিয়ে বিদেশে যেতে চাইলে পাসপোর্ট ও নথি খুঁটিয়ে যাচাই করা হচ্ছে। কোনো অপরাধী যেন পালিয়ে যেতে না পারে, সে বিষয়ে আমরা সর্বোচ্চ সতর্ক আছি।

একইভাবে আখাউড়া ৬০ বিজিবি ব্যাটালিয়নের ক্যাম্প কমান্ডার সুবেদার মো. মনির হোসেন বলেন, সীমান্ত এলাকায় অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। টহল জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, মেজর জেনারেল কবীর আহাম্মদ ছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিব। মানবতাবিরোধী অপরাধে তার বিরুদ্ধে তদন্ত শুরু হওয়ার পর থেকেই তিনি আড়ালে রয়েছেন বলে জানা গেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন