শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনার বিচারকাজ সম্প্রচারের সময় সাইবার অ্যাটাক

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ০৩:১০ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের শীর্ষ নেতা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালসহ তিনজনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের সময় ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ের সরকারি ফেসবুক পেজে সাইবার হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।

রোববার (১২ অক্টোবর) দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

তিনি জানান, রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক সরাসরি সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রচার করা হচ্ছিল। এসময় হঠাৎ করেই আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে সমন্বিত সাইবার আক্রমণ চালানো হয়। ফলে পেজটি কিছু সময়ের জন্য অচল হয়ে পড়ে। পরে প্রযুক্তি বিশেষজ্ঞদের সহায়তায় আমরা সেটি পুনরুদ্ধার করতে সক্ষম হই।

তাজুল ইসলাম বলেন, এ ধরনের আক্রমণের উদ্দেশ্য একটাই বিচার প্রক্রিয়ায় উপস্থাপিত তথ্য ও প্রমাণ যাতে জনগণ ও আন্তর্জাতিক মহলের কাছে না পৌঁছায়, সেটি রোধ করা। যারা অভিযুক্ত, কিংবা তাদের সহযোগীরা, স্বচ্ছ বিচার ব্যবস্থাকে বাধাগ্রস্ত করতে চায়। কিন্তু এসব হামলায় আমরা নিরুৎসাহিত হব না।

অপরাধীদের উদ্দেশে তিনি আরও বলেন, আমরা প্রতিশোধ নয়, ন্যায়বিচার চাই। অপরাধীরা যতই প্রভাবশালী হোক, বিচার প্রক্রিয়া থেকে কেউ রেহাই পাবে না। আইন নিজের গতিতেই চলবে, ইন শা আল্লাহ।

প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদ ও আবদুস সোবহান তরফদারসহ রাষ্ট্রপক্ষের অন্যান্য আইনজীবীরা।

এদিন বেলা পৌনে ১২টার দিকে শেখ হাসিনা ও অন্য দুই অভিযুক্তের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শুরু হয়। পুরো যুক্তিতর্কের সারসংক্ষেপ উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন