

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মূল্যস্ফীতির চাপ বিবেচনায় নিয়ে আগামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য ব্যক্তিশ্রেণির করদাতাদের করমুক্ত আয়সীমা ২৫ হাজার টাকা বাড়িয়ে ৩ লাখ ৭৫ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছে সরকার।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ প্রস্তাব তুলে ধরেন। বর্তমানে করমুক্ত আয়সীমা ৩ লাখ ৫০ হাজার টাকা রয়েছে। নতুন প্রস্তাব অনুযায়ী এটি প্রায় ৭ শতাংশ বৃদ্ধি পাবে।
অর্থমন্ত্রী জানান, আগামী ২০২৭-২৮ অর্থবছরের জন্য করমুক্ত আয়সীমা আরও বাড়িয়ে ৪ লাখ টাকা নির্ধারণের পরিকল্পনাও রয়েছে।
বিশেষ শ্রেণির করদাতাদের জন্যও কর ছাড়ের সীমা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। প্রস্তাব অনুযায়ী, নারী করদাতা এবং ৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ নাগরিকদের করমুক্ত আয়সীমা ৪ লাখ ২৫ হাজার টাকা নির্ধারণ করা হবে।
অন্যদিকে, তৃতীয় লিঙ্গের করদাতা ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং গেজেটভুক্ত ‘জুলাই যোদ্ধা’দের জন্য এই সীমা ৫ লাখ ২৫ হাজার টাকা নির্ধারণের কথা বলা হয়েছে।
এ ছাড়া প্রতিবন্ধী সন্তানের পিতা-মাতা বা আইনগত অভিভাবকদের জন্য বিদ্যমান অতিরিক্ত কর সুবিধা বহাল রাখার প্রস্তাব করা হয়েছে। এর ফলে প্রত্যেক প্রতিবন্ধী সন্তান বা পোষ্যের বিপরীতে অতিরিক্ত ৫০ হাজার টাকা পর্যন্ত আয় করমুক্ত থাকবে।
উল্লেখ্য, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। এটি দেশের ৫৫তম জাতীয় বাজেট এবং বর্তমান সরকারের প্রথম বাজেট। বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। ঘাটতি পূরণে দেশি ও বিদেশি উৎস থেকে অর্থ সংগ্রহের পরিকল্পনা রয়েছে সরকারের।
