বৃহস্পতিবার
১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দাম কমছে সিমের, সম্পূর্ণ কর প্রত্যাহার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ জুন ২০২৬, ০৫:২৪ পিএম
expand
দাম কমছে সিমের, সম্পূর্ণ কর প্রত্যাহার

সিম কার্ডের ওপর আরোপিত ৩০০ টাকা কর সম্পূর্ণভাবে প্রত্যাহারের ঘোষণা দিয়েছে সরকার। ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এই ঘোষণা দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার (১১ জুন) বিকালে জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী এই ঘোষণা দেন।

তিনি বলেন, বর্তমানে দেশের টেলিযোগাযোগ খাতে করের হার প্রায় ৫০ শতাংশ এবং তথ্যপ্রযুক্তি খাতে তা প্রায় ২৫ শতাংশ, যা আন্তর্জাতিক মানের তুলনায় বেশি। এ অবস্থায় খাতটির বিকাশ ও ডিজিটাল সেবা সম্প্রসারণে কর কাঠামো ধাপে ধাপে যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

অর্থমন্ত্রী আরো জানান, সাধারণ মানুষের কাছে মোবাইল সেবা সহজলভ্য করার লক্ষ্যে প্রতিটি নতুন সিমের ওপর আরোপিত ৩০০ টাকা কর সম্পূর্ণভাবে প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে।

সরকারের হিসাব অনুযায়ী, এই সিদ্ধান্তের ফলে আগামী অর্থবছরে প্রায় ১ হাজার ২০০ কোটি টাকার রাজস্ব আয় কমে যেতে পারে। প্রস্তাবিত বাজেট অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের জন্য মোট ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট ঘোষণা করা হয়েছে, যা দেশের ইতিহাসে অন্যতম বৃহৎ বাজেট। এ বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। আর ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা, যা দেশি-বিদেশি ঋণের মাধ্যমে মেটানোর পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, প্রস্তাবিত বাজেটে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) আকার ধরা হয়েছে ৬৮ লাখ ৩০ হাজার ২৪ কোটি টাকা। আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ৬ দশমিক ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে এই ৫৫তম বাজেট প্রস্তাব উপস্থাপন করা হয়। বর্তমান সরকারের মেয়াদে অর্থমন্ত্রী হিসেবে আমির খসরু মাহমুদ চৌধুরীর এটিই প্রথম বাজেট।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন