বুধবার
০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গণ-অভ্যুত্থানে নিহতের সংখ্যা নিয়ে আওয়ামী লীগের আপত্তির জবাব জাতিসংঘের

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৩ জুন ২০২৬, ০৯:৪৫ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের প্রকাশিত প্রতিবেদনের প্রতি পূর্ণ আস্থা পুনর্ব্যক্ত করেছে জাতিসংঘ। গত সোমবার নিউইয়র্কে সংস্থাটির সদর দপ্তরে অনুষ্ঠিত নিয়মিত ব্রিফিংয়ে এ কথা জানান মুখপাত্র স্টিফেন দুজারিক।

ব্রিফিংয়ে বলা হয়, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার এবং দলটির পক্ষ থেকে প্রতিবেদনের বিভিন্ন তথ্য, বিশেষ করে নিহতের সংখ্যা নিয়ে আপত্তি তোলা হয়েছে। ভারতের কিছু গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, এ বিষয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের কাছে লিখিত আপত্তি জানিয়েছেন।

এসব দাবির পরিপ্রেক্ষিতে স্টিফেন দুজারিক স্পষ্টভাবে জানান যে, মানবাধিকার দপ্তরের প্রকাশিত এই প্রতিবেদনের বিশ্বাসযোগ্যতা নিয়ে সন্দেহ করার কোনো কারণ নেই।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের মধ্য দিয়ে শেষ হওয়া জুলাই গণ-অভ্যুত্থানে প্রায় ১ হাজার ৪০০ জন নিহত হয়েছিলেন বলে জাতিসংঘের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সহিংসতার তদন্ত শেষে মানবাধিকার দপ্তর এই প্রতিবেদন প্রকাশ করে।

এছাড়া ব্রিফিংয়ে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ বিষয়ে প্রশ্ন করা হলে মুখপাত্র বলেন, সদস্য রাষ্ট্র থেকে অবৈধভাবে অর্জিত অর্থ বিদেশে পাচার হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যা উন্নয়নের পথে বড় বাধা সৃষ্টি করে। এ ক্ষেত্রে জনগণের অর্থ যাতে পুনরায় তাদের কাছে ফিরিয়ে দেওয়া যায়, তার জন্য জাতিসংঘ আন্তর্জাতিক সহযোগিতাকে উৎসাহিত করে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন