বৃহস্পতিবার
০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

অভিন্ন নীতিমালার আওতায় আসছে সব ইংলিশ মিডিয়াম স্কুল: শিক্ষা প্রতিমন্ত্রী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৩ জুন ২০২৬, ০৬:৩৫ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

সব শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার একটি সমন্বিত ও জবাবদিহিমূলক কাঠামো গড়ে তুলতে কাজ করছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি জানান, ‘এ লক্ষ্যে দেশের সব ইংলিশ মিডিয়াম স্কুলকে একটি অভিন্ন নীতিমালার আওতায় আনা হচ্ছে।’

বুধবার (৩ জুন) ঢাকার আগা খান একাডেমি পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চাই, যেখানে শিক্ষার্থীরা শুধু পরীক্ষায় ভালো ফলই করবে না, বরং সমালোচনামূলক চিন্তা, উদ্ভাবনী সক্ষমতা এবং নেতৃত্বের গুণাবলিও অর্জন করবে।’

তিনি আরও বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়নের জন্য তরুণদের বিশ্বমানের দক্ষতা, মূল্যবোধ ও সৃজনশীলতায় সমৃদ্ধ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শিক্ষার বৈষম্য দূরীকরণের ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, সরকার এমন একটি অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা গড়তে চায়, যেখানে বাংলা মাধ্যম, ইংলিশ ভার্সন কিংবা ইংলিশ মিডিয়াম, যে ধারাতেই শিক্ষার্থীরা পড়াশোনা করুক না কেন, সবাই সমানভাবে জাতীয় মূল্যবোধ, নাগরিক দায়িত্ববোধ এবং আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জনের সুযোগ পাবে।

একাডেমি পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শিক্ষার্থীদের আয়োজিত ‘স্টুডেন্ট এক্সিবিশন’ ঘুরে দেখেন। তিনি শিক্ষার্থীদের বিভিন্ন গবেষণা, উদ্ভাবনী প্রকল্প এবং সৃজনশীল উপস্থাপনা গভীর আগ্রহ নিয়ে পর্যবেক্ষণ করেন এবং তাদের মেধার প্রশংসা করেন।

এ সময় প্রতিষ্ঠানটির আধুনিক শিক্ষাদান পদ্ধতি, শিক্ষার্থীকেন্দ্রিক শিক্ষাব্যবস্থা এবং নেতৃত্ব বিকাশ কর্মসূচির প্রশংসা করেন ববি হাজ্জাজ। তিনি দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও গবেষণা, উদ্ভাবন ও সৃজনশীল শিক্ষাচর্চা আরও বিস্তৃত করার আহ্বান জানান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন