

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দেশের ৫০ শয্যার ৪৯২টি উপজেলা হাসপাতালকে ১০১ শয্যায় রুপান্তরের উদ্যোগ নিয়েছে সরকার। ইতোমধ্যে প্রধানমন্ত্রী জনপ্রশাসন মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
তিনি বলেন, উপজেলা পর্যায়ে রোগীদের তুলনায় শয্যা কম। প্রয়োজনীয় লোকবল নেই। তাই সরাসরি এসব হাসপাতালকে ১০১ শয্যায় করার সিদ্ধান্ত নিয়েছে। শয্যা অনুযায়ী লোকবল ও যন্ত্রপাতিও দেওয়া হবে।
বুধবার (৩ জুন) সকাল সাড়ে ৯টায় সচিবালয়ে চলমান পরিস্থিতি নিয়ে করা এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে হাসপাতালগুলোতে একজন পুরুষ ও একজন নারী ফিজিওথেরাপিস্ট নিয়োগ দেবে সরকার। পাশাপাশি ঢাকার বাইরে থাকা পাঁচ শিশু হাসপাতালে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও লোকবল দিয়ে আগামী ছয় মাসের মধ্যে চালু করা হবে। এসব হাসপাতালে সেন্ট্রাল আইসিইউ থাকবে।
তিনি বলেন, ঢাকা মেডিকেলের শিক্ষার্থীরা অনেক ঝুঁকি নিয়ে বসবাস করছে। অতীতের দুর্নীতি ও অবহেলার কারণে এমনটা হয়েছে। তাদের আবাসিক ভবন নির্মাণে ১১০০ কোটি টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ইতোমধ্যে গণপূর্ত অধিদপ্তর প্রকল্প তৈরি করেছে। প্রধানমন্ত্রী সেটি উদ্বোধন করবেন।
সাখাওয়াত হোসেন বলেন, দুর্নীতির থেকে বেরিয়ে মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকার কাজ করছে। ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ৬/১০টি উপজেলায় একটি করে ইউনিয়নে ঘরে ঘরে ডিজিটাল হেলথ স্ক্রিনিং চালু করা হবে। একটি অ্যাপসের মাধ্যমে এই পাইলোটিং প্রোগ্রাম শুরু হবে। নার্স, টেকনোলজিস্ট, স্বাস্থ্য সহকারী, মিডওয়াইফ যে এক লাখ কর্মী নিয়োগ হচ্ছে, তারা এই সেবা দেবে বলেও জানান তিনি।
