মঙ্গলবার
০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

‘ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর হবে না’

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ জুন ২০২৬, ০১:১২ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ‘চিত্ত মিডিয়া’র প্রতিষ্ঠাতা জুয়েল রানা ।। ছবি: সংগৃহীত
expand
প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ‘চিত্ত মিডিয়া’র প্রতিষ্ঠাতা জুয়েল রানা ।। ছবি: সংগৃহীত

দেশের কনটেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সাদের আয়ের ওপর প্রস্তাবিত ৭.৫% কর আরোপ হবে না বলে ‘চিত্ত মিডিয়া’র প্রতিষ্ঠাতা ও কনটেন্ট ক্রিয়েটর জুয়েল রানাকে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী।

সোমবার (০১ জুন) সচিবালয়ে জুয়েল রানাকে ডেকে নিয়ে এক বিশেষ সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী তারেক রহমান কর আরোপ না করার এই সিদ্ধান্তের কথা জানান। এসময় তরুণদের প্রতি নিজের সমর্থনও প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকার শেষে একটি গণমাধ্যমকে এসব কথা জানিয়েছেন জুয়েল রানা।

ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের ওপর ৭.৫% কর আরোপের গুঞ্জনের সত্যতা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সরাসরি জানতে চান তিনি।

জুয়েল রানার প্রশ্নে প্রধানমন্ত্রী এর সঙ্গে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের কক্ষে ডেকে পাঠান এবং পুরো বিষয়টির খোঁজ নেওয়ার নির্দেশ দেন। তিনি সাফ জানিয়ে দেন, ‘তরুণদের আয়ের ওপর এমন কোনো কর আরোপ করা হবে না।’

জুয়েল রানা বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে বলেছেন, এরকম কিছু হইতে দেওয়া যাবে না। আমি চাই যে ইয়াংরা ডিজিটাল মার্কেটিংয়ে যাক, তারা বৈদেশিক বিভিন্ন কাজে যুক্ত থাকুক। তারা বাইরের অর্থ দেশে নিয়ে আসছে, এটাই যথেষ্ট। ফ্রিল্যান্সার যারা আছে তারা দেশের জন্য অনেক বড় ভূমিকা রাখে। যারা কন্টেন্ট ক্রিয়েশন করে তারা তাদের ফ্যামিলি চালায়। এটাতে কর আরোপ হতে পারে না।’

কনটেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সাদের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘তারা দেশের টাকা পাচার করে না, বরং দেশে আনে’

প্রসঙ্গত, গত বছরের ৪ ফেব্রুয়ারি যাত্রা শুরুর পর মাত্র দেড় বছরেই ‘চিত্ত মিডিয়া’ পেজের ফলোয়ার সংখ্যা ৪৩ লাখ ছাড়িয়ে গেছে। কৃষি, প্রকৃতি, মানুষ ও সাহিত্যের মেলবন্ধনে ভিডিও তৈরি করে প্রশংসিত হয়েছেন জুয়েল রানা। এমন অনন্য কাজের স্বীকৃতিস্বরূপ সোমবার তাকে সচিবালয়ে আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী।

গতকাল আলোচনার একপর্যায়ে জুয়েল রানা প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, ‘কনটেন্ট ক্রিয়েটর এবং ফ্রিল্যান্সাররা দেশের কোনো সম্পত্তি পাচার করে না। উল্টো তারা হাড়ভাঙা খাটুনি দিয়ে বৈদেশিক মুদ্রা দেশে নিয়ে আসে। তাই তাদের প্রতি সরকারের আরো বেশি সহানুভূতিশীল হওয়া উচিত।’ এ বিষয়ে একমত পোষণ করে প্রধানমন্ত্রী বলেন, ‘অবশ্যই, আপনাকে ধন্যবাদ যে আপনি আমাকে মনে করিয়ে দিলেন। এরকম কিছু হবে না। নিশ্চিন্তে থাকুন।’

প্রধানমন্ত্রী আশ্বস্ত করে বলেন, ‘কন্টেন্ট ক্রিয়েশন যারা করছেন এবং ফ্রিল্যান্সার যারা আছেন, তাদের জন্য এরকম কোনো ঘটনা ঘটবে না ইনশাআল্লাহ। নো টেনশন, আপনারা কাজ করে যান।’

তবে এসব বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন