

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পশু কোরবানির পরপরই চামড়ায় লবণ প্রয়োগ না করার ফলে অনেক চামড়ার মান ক্ষতিগ্রস্ত হয়ে সেগুলো বিক্রির ক্ষেত্রে নানা সমস্যার সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
তিনি বলেন, ‘চামড়া সংরক্ষণে প্রয়োজনীয় সচেতনতার অভাবের কারণেই অনেক ক্ষেত্রে সরকার নির্ধারিত দামে চামড়া বিক্রি করা সম্ভব হয়নি।’
সোমবার (১ জুন) সচিবালয়ে নিজ দপ্তরে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সরকার লবণযুক্ত বা যথাযথভাবে সংরক্ষিত চামড়ার জন্যই মূল্য নির্ধারণ করে থাকে জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ব্যক্তিগতভাবে কোরবানি দেওয়া অনেক মানুষ চামড়া দান করে দেন। সেসব ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে সংরক্ষণের ব্যবস্থা না থাকায় অনেক চামড়া পচে যায়। ফলে চামড়ার মান কমে যায় এবং নির্ধারিত মূল্য পাওয়া সম্ভব হয় না।’
মন্ত্রী জানান, চামড়া সংরক্ষণে সহায়তার জন্য সরকার এবার বিনামূল্যে লবণ সরবরাহ করেছে। তারপরেও অনেক ক্ষেত্রে সংরক্ষণে অবহেলা ও সচেতনতার ঘাটতির কারণে চামড়ার গুণগত মান বজায় রাখা সম্ভব হয়নি।
কোরবানির পশুর চামড়া সঠিকভাবে সংরক্ষণের জন্য মাঠপর্যায়ে সচেতনতা বাড়ানো প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘সঠিকভাবে সংরক্ষণ করা গেলে কোরবানির পশুর চামড়া দেশের চামড়া ও চামড়াজাত পণ্যশিল্পের জন্য গুরুত্বপূর্ণ কাঁচামাল হিসেবে ব্যবহৃত হতে পারে।’
এছাড়াও আসন্ন জাতীয় বাজেট প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘এবারের বাজেট হবে ব্যবসা ও বিনিয়োগবান্ধব। এর মাধ্যমে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে। সেই সঙ্গে বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধিতেও এটি সহায়ক ভূমিকা রাখবে।’
