

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ভারতের সঙ্গে গত বছরের সামরিক উত্তেজনার সময় পাকিস্তানের একটি ড্রোন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের কাছাকাছি পৌঁছেছিল বলে দাবি করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। তিনি আরও দাবি করেন, ড্রোনটি কিছু সময় ওই এলাকার আকাশে অবস্থান করেছিল।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, সিন্ধু প্রদেশের মোরো এলাকায় এক জনসভায় বক্তব্য দিতে গিয়ে জারদারি এই দাবি করেন।
তার ভাষ্য, পাকিস্তান বিমান বাহিনীর ড্রোনগুলো ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার ভেতরে প্রবেশ করতে সক্ষম হয়েছিল এবং রাজধানী নয়াদিল্লির গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর কাছাকাছি পৌঁছায়।
একই বক্তব্যে তিনি আরও দাবি করেন, সংঘাতের সময় পাকিস্তান ভারতীয় বিমান বাহিনীর আটটি যুদ্ধবিমান ভূপাতিত করেছিল। তবে এসব দাবির পক্ষে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করেননি।
ভারতীয় কর্তৃপক্ষের পক্ষ থেকেও জারদারির বক্তব্যের বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত বছরের ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগাঁও এলাকায় এক সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন, যাদের মধ্যে ২৫ জন পর্যটক এবং একজন ঘোড়ার চালক ছিলেন। ওই ঘটনার পর ভারত পাকিস্তানের ভেতরে হামলা চালানোর দাবি করে। জবাবে পাকিস্তানও পাল্টা সামরিক পদক্ষেপ নেয় বলে জানায়।
দুই দেশের মধ্যে কয়েক দিন ধরে চলা উত্তেজনা আন্তর্জাতিক মহলে উদ্বেগ সৃষ্টি করে। পরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় উভয় পক্ষ সংঘাত বন্ধে সম্মত হয়।
