শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

‘ফ্যাসিবাদমুক্ত গণমাধ্যম তৈরিতে লাইভ টিভি ও নেক্সট টিভিকে লাইসেন্স দেয়া হয়েছে’

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ০৮:২৫ পিএম
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম
expand
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন, নতুন গণমাধ্যমের অনুমোদন দেওয়া হবে। বুধবার (৮ অক্টোবর ) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের নীতি হলো কোনো গণমাধ্যম বন্ধ করা হবে না। যেহেতু কোনো চ্যানেল বন্ধ হচ্ছে না, তাই নতুন গণমাধ্যমের অনুমোদনও দেওয়া হবে, আগের নিয়ম অনুসারে।

তথ্য উপদেষ্টা আরও বলেন, নতুন আইনে অনুমোদন দিতে পারলে সেটা আরও সুখকর হতো। তবে নতুন আইন প্রণয়ন না হওয়ায়, এই সরকারের আমলে নতুন গণমাধ্যম আগমন সীমিত। তিনি উল্লেখ করেন, নতুন চ্যানেল যুক্ত হলে টেলিভিশন শিল্পে প্রতিযোগিতা বাড়বে।

ইতোমধ্যে অন্তর্বর্তী সরকার আগের প্রক্রিয়ায় দুটি বেসরকারি স্যাটেলাইট চ্যানেল অনুমোদন দিয়েছে। চ্যানেল দুটির নাম ‘নেক্সট টিভি’ এবং ‘লাইভ টিভি’।

নেক্সট টিভি অনুমোদিত হয় গত ২৪ জুন, ‘৩৬ মিডিয়া লিমিটেড’-এর নামে। প্রতিষ্ঠানটির ঠিকানা পুরান ঢাকার গেন্ডারিয়ার করাতিটোলা লেন, এবং ব্যবস্থাপনা পরিচালক মো. আরিফুর রহমান তুহিন, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক। পরিচালনা পর্ষদে রয়েছেন বগুড়ার বিএনপির সাবেক সংসদ সদস্য এ কে এম হাফিজুর রহমানের ছেলে এ কে এম গোলাম হাসনাইন, যিনি সৌদি প্রবাসী।

লাইভ টিভি অনুমোদন পেয়েছে ১৪ জুলাই, মালিক আরিফুর রহমান। তার প্রতিষ্ঠানের নাম মিনার্ভা মিডিয়া লিমিটেড, ঠিকানা গুলশান-১, ১৪৩ নম্বর সড়ক।

বর্তমানে দেশে মোট ৫০টি অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল রয়েছে, যার মধ্যে পূর্ণ সম্প্রচারে আছে ৩৬টি, এবং ১৪টি সম্প্রচারের অপেক্ষায়। এছাড়া অনুমোদিত ইন্টারনেট প্রটোকল টেলিভিশন (আইপি টিভি) রয়েছে ১৫। কিছু চ্যানেল আরও অনুমোদনের অপেক্ষায় আছে।

মাহফুজ আলমের কথায়, বাংলাদেশের যেকোনো নাগরিক আবেদন করতে পারেন। এর জন্য আবেদনের সঙ্গে অবশ্যই জমা দিতে হবে জাতীয় পরিচয়পত্র, প্রতিষ্ঠান গঠনের নথি (আর্টিকেল অব মেমোরেন্ডাম), সার্টিফিকেট অব ইনকরপোরেশন, ট্রেড লাইসেন্স, আয়কর সনদ, ব্যাংক সলভেন্সি সনদ, প্রকল্প প্রস্তাব এবং ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে চ্যানেল চালানোর অঙ্গীকারনামা।

আবেদন প্রক্রিয়া শেষ হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যাচাই করা হয় এবং লাইসেন্স পাওয়ার পর বিটিআরসি থেকে ফ্রিকোয়েন্সি ক্লিয়ারেন্স নিতে হয়। মূলত সরকারের অনুমোদনের ‘সবুজ সংকেত’ থাকলেই চ্যানেল সম্প্রচার শুরু করতে পারে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন