

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে কারা `সেফ এক্সিট' নিতে চান-সেই বিষয়টি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকেই স্পষ্টভাবে ব্যাখ্যা করতে হবে।
বুধবার (৮ অক্টোবর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
রিজওয়ানা হাসান বলেন, `নাহিদ ইসলাম যদি দাবি করেন যে কেউ নিরাপদ প্রস্থান বা সেফ এক্সিট চান, তবে তিনি-ই তা পরিষ্কার করে জানাবেন। সরকার একটি সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন আয়োজনের বিষয়ে নির্বাচন কমিশনকে সর্বোচ্চ সহায়তা করবে।'
তিনি আরও বলেন, কোনো রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেবে কিনা-তা সম্পূর্ণভাবে তাদের নিজস্ব সিদ্ধান্ত ও আইনগত প্রক্রিয়ার বিষয়।
এর আগে, সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকারের অনেক উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং কেউ কেউ নিজেদের নিরাপদ প্রস্থানের পথ খুঁজছেন।
নাহিদ ইসলাম ওই সাক্ষাৎকারে আরও বলেন, আমাদের মধ্যে যাদের উপদেষ্টা করা হয়েছে, তাদের অনেকের ওপর আস্থা রাখা ভুল ছিল। কেউ কেউ গণঅভ্যুত্থানের আদর্শের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, আবার অনেকে নিজেদের স্বার্থ দেখেছেন। সময় এলে তাদের নাম প্রকাশ করা হবে।
তিনি আরও মন্তব্য করেন, আমাদের উচিত ছিল ছাত্র নেতৃত্বকে আরও শক্তিশালী করা এবং নাগরিক সমাজ বা রাজনৈতিক দলের ওপর অতিরিক্ত নির্ভর না করা। সেখানে আমরা প্রতারিত হয়েছি।
মন্তব্য করুন
