রবিবার
১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ১০ মে ২০২৬, ০৬:৩১ পিএম
expand
প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশ-ইতালি দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত ড. আন্তোনিও আলেসান্দ্রোসের সঙ্গে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ মে) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ ও ইতালির মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে ইতালির রাষ্ট্রদূত জানান, ইতালি বাংলাদেশ থেকে তৈরি পোশাক, খাদ্যপণ্য, চামড়া ও চামড়াজাত পণ্যসহ বিভিন্ন মানসম্পন্ন পণ্য আমদানিতে আগ্রহী। একইসঙ্গে বাংলাদেশ ও ইতালির মধ্যে বাণিজ্য সম্প্রসারণের নতুন ক্ষেত্র নিয়ে আলোচনা হয়।

এ সময় ইতালির দূতাবাসের পক্ষ থেকে বাংলাদেশকে ইতালি থেকে আধুনিক প্রযুক্তি ও শিল্প-কারখানায় ব্যবহৃত যন্ত্রপাতি (মেশিনারিজ) ক্রয়ের আহ্বান জানানো হয়, যা বাংলাদেশের শিল্পখাতের আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

দুই দেশের সাংস্কৃতিক সম্পর্ক আরও গভীর করতে বাংলাদেশে ইতালির ফুটবল ক্লাবগুলোকে সফর ও প্রীতি ম্যাচ আয়োজনের আমন্ত্রণ জানানো হয়। পাশাপাশি জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং সাংস্কৃতিক বিনিময় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

নিরাপদ ও নিয়মিত অভিবাসন ব্যবস্থাপনা সহজতর করার লক্ষ্যে বাংলাদেশ ও ইতালির মধ্যে চলমান সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন