

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ভারতের ত্রিপুরা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন।
শুক্রবার (৮ মে) দিবাগত গভীর রাতে ত্রিপুরার সেপাহিজালা জেলার কমলাসাগর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
বিএসএফের দাবি, চোরাচালান প্রতিরোধ ও আত্মরক্ষার্থে তারা গুলি চালাতে বাধ্য হয়েছিল।
নিহত ব্যক্তিরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ধজনগর সীমান্ত এলাকার বাসিন্দা মো. মোরসালিন (২০) এবং নবীন হোসেন (৪০)।
এদের মধ্যে মোরসালিন স্থানীয় একটি কলেজের শিক্ষার্থী ছিলেন বলে নিশ্চিত হওয়া গেছে।
বিএসএফের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার রাতে কমলাসাগর সীমান্ত ফাঁড়ি সংলগ্ন নবীনপাড়া ও বঙ্গবন্ধের মধ্যবর্তী এলাকায় ১০ থেকে ১৫ জনের একটি দল পণ্য আদান-প্রদান করছিল। টহলরত বিএসএফ সদস্যরা তাদের বাধা দিলে ওই দলটি ইট-পাটকেল নিক্ষেপ করে আক্রমণ চালায়।
এ সময় নিজেদের জানমাল রক্ষার্থে বিএসএফ সদস্যরা গুলি চালালে দুজন গুলিবিদ্ধ হন। পরে তাদের উদ্ধার করে বিশালগড় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন।
ভারতীয় পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত শেষে শনিবার বিকেলেই নিহতদের মরদেহ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।
স্থানীয় পুলিশের দাবি, মৃত্যুর আগে ওই ব্যক্তিরা নিজেদের বাংলাদেশি নাগরিক হিসেবে পরিচয় দিয়েছিলেন। বর্তমানে এই ঘটনার সঙ্গে সীমান্তের ভারতীয় অংশের কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে স্থানীয় প্রশাসন।
এদিকে, সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহতের ঘটনায় কসবা ও সংলগ্ন সীমান্ত এলাকায় তীব্র উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে। এই হত্যাকাণ্ডের ঘটনায় বিজিবির পক্ষ থেকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
