বুধবার
০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

‘৫ আগস্টের পর উদ্দেশ্যপ্রণোদিত মামলার আসামিদের অব্যাহতি দেয়া হবে’

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ মে ২০২৬, ০৩:২০ পিএম
জেলা প্রশাসক সম্মেলনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়–সম্পর্কিত অধিবেশন শেষে সাংবাদিকদের মুখোমুখি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
expand
জেলা প্রশাসক সম্মেলনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়–সম্পর্কিত অধিবেশন শেষে সাংবাদিকদের মুখোমুখি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

২০২৪ সালের ৫ আগস্টের পর উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিছু মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এসব মামলায় যারা প্রকৃত আসামি নয়, তাদের নাম পর্যায়ক্রমে প্রত্যাহার করা হবে বলেও জানিয়েছেন তিনি।

বুধবার (৬ মে) জেলা প্রশাসক সম্মেলনে ডিসিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব তথ্য জানান।

তিনি বলেন, জেলা পর্যায়ে এসব মামলার তালিকা চাওয়া হয়েছে। সরকারের লক্ষ্য হলো এক মাসের মধ্যেই নিরপরাধ ব্যক্তিদের নাম এসব মামলা থেকে প্রত্যাহার করা।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আওয়ামী লীগ সরকারের আমলে যেসব রাজনৈতিক মামলা দায়ের হয়েছে, সেগুলোও স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের মাধ্যমে প্রত্যাহারের উদ্যোগ নেয়া হবে।

অস্ত্র লাইসেন্স প্রসঙ্গে তিনি বলেন, ২০০৯ সালের ৬ জানুয়ারির পর থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত রাজনৈতিক ও দলীয় বিবেচনায় অনেক অস্ত্রের লাইসেন্স দেয়া হয়েছে। সেগুলো ফেরত না দিয়ে যাচাই-বাছাইয়ে জন্য ডিসিদের নির্দেশ দেয়া হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে লাইসেন্সকৃত অস্ত্র জমা নেয়া হয়েছিল। সেগুলো এখনও ফেরত দেয়া হয়নি। সেগুলো দ্রুত ফেরত দেয়ার জন্য জেলা প্রশাসকদের নির্দেশ দেয়া হয়েছে। নির্বাচনের আগে সরকারের নির্দেশনার পরও ১০ হাজার লাইসেন্সকৃত অস্ত্র জমা পড়েনি। সেগুলোও উদ্ধারের নির্দেশ দেয়া হয়েছে। একইসঙ্গে এসব লাইসেন্সধারীর বিরুদ্ধে মামলা করার জন্য বলা হয়েছে।’

ঈদকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঈদের সাত দিন আগে পুলিশ সদর দপ্তরে একটি মনিটরিং সেল চালু করা হবে, যাতে নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করা যায়। যেসব জেলায় ফেরিঘাট রয়েছে, সেখানে ফেরিতে ওঠার আগে যাত্রীদের গাড়ি থেকে নামিয়ে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন