

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


উজানের পাহাড়ি ঢল ও টানা বৃষ্টির কারণে নীলফামারী অঞ্চলের তিস্তা নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পরিস্থিতি বিবেচনায় তিস্তা তীরবর্তী এলাকাগুলোতে রেড অ্যালার্ট জারি করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
রোববার (৫ অক্টোবর) সন্ধ্যা নাগাদ লালমনিরহাটের দোয়ানী পয়েন্টে নদীর পানি বিপৎসীমার প্রায় ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। সকাল ছয়টায় পানি ছিল বিপৎসীমার নিচে, তবে দিনের শেষে দ্রুত বৃদ্ধি পায়।
তিস্তার ডান তীরের বাঁধে ভাঙন দেখা দিয়েছে বলে জানা গেছে। ক্ষতিগ্রস্ত স্থানে বালির বস্তা ও বাঁশের পাইলিংয়ের মাধ্যমে জরুরি মেরামতকাজ করছে পাউবো।
ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ি, টেপাখড়িবাড়ি, গয়াবাড়ি ও ঝুনাগাছ চাপানী ইউনিয়নের বেশ কিছু গ্রাম ইতোমধ্যে প্লাবিত হয়েছে। এসব এলাকায় ঘরবাড়ি ও রোপা আমনের জমি পানিতে তলিয়ে গেছে।
স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন, দুপুরের পর থেকেই পানির স্তর দ্রুত বাড়তে থাকে। চরাঞ্চলের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বহু পরিবার আশ্রয়কেন্দ্রের দিকে যেতে শুরু করেছে।
পাউবোর ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, “ভারী বর্ষণ ও উজানের ঢলের কারণে নদীর পানি বৃদ্ধি পেয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ব্যারাজের সব ৪৪টি জলকপাট খুলে দেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, “রেড অ্যালার্ট ঘোষণা করে স্থানীয় প্রশাসনের সহায়তায় তিস্তা পাড়ে মাইকিং করা হয়েছে, যাতে মানুষ নিরাপদ স্থানে সরে যেতে পারে।”
সন্ধ্যা ৮টার দিকে তিস্তা নদীর পানি বিপৎসীমার ২৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
মন্তব্য করুন
