শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহর আটকানোর প্রতিবাদে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ০১:৫৫ পিএম আপডেট : ০৫ অক্টোবর ২০২৫, ০২:১৮ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

গাজাগামী মানবিক সাহায্যবাহী নৌবহর ‘সুমুদ ফ্লোটিলা’ ইসরায়েল কর্তৃক আটকে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বাংলাদেশ সিভিল রাইটস সোসাইটি (বিসিআরএস)

৫ অক্টোবর ২০২৫, রবিবার বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ সিভিল রাইটস সোসাইটি আয়োজিত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সংগঠনের চেয়ারম্যান বলেন, “গাজাগামী আন্তর্জাতিক ত্রাণবাহী নৌবহর আটকানোর ঘটনায় আমরা অত্যন্ত উদ্বিগ্ন। এই ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। বহরে বহন করা ত্রাণ অবশ্যই নিরাপদে গাজায় পৌঁছে দিতে স্থানীয় মানবিক সংস্থার কাছে হস্তান্তর করা উচিত।”

তিনি আরও বলেন, “ইসরায়েলকে আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানাচ্ছি।”

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, গাজায় চলমান অবরোধ ভাঙতে ৫০টিরও বেশি জাহাজ নিয়ে গঠিত গ্লোবাল সুমুদ ফ্লোটিলা গত ৩১ আগস্ট স্পেনের বার্সেলোনা থেকে যাত্রা শুরু করে। পরে তিউনিসিয়া, ইতালি ও গ্রিস থেকে আরও নৌযান এতে যোগ দেয়। ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনসহ আরও কয়েকটি সংগঠনের উদ্যোগে ৪৪টিরও বেশি দেশের কয়েক হাজার মানুষ এতে অংশ নেন।

সংগঠনের নির্বাহী পরিচালক শেখ মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, “গাজামুখী ত্রাণবাহী বহরে বিদেশি কর্মীদের আটক করার ঘটনায় আমরা নিন্দা জানাচ্ছি এবং জাহাজে থাকা নাগরিকদের সহায়তা দিতে জাতিসংঘের হস্তক্ষেপ আশা করছি। আমরা সব পক্ষকে আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানাই এবং সংশ্লিষ্ট সবার নিরাপত্তা ও মানবিক আচরণ নিশ্চিত করার দাবি জানাই।”

বক্তারা বলেন, অবরুদ্ধ গাজা ইতোমধ্যেই ভয়াবহ মানবিক বিপর্যয়ের মধ্যে রয়েছে। দুই বছরেরও কম সময়ে ৬৬ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে, যার অধিকাংশ নারী ও শিশু। এ অবস্থায় মানবিক সহায়তা বহনকারী ফ্লোটিলা গাজাবাসীর জন্য আশার প্রদীপ হলেও, ইসরায়েলের এ আক্রমণ বৈশ্বিক মানবতাকে চ্যালেঞ্জ জানানো ছাড়া আর কিছু নয়।

ওআইসি ও বিশ্বশক্তিগুলোর প্রতি আহ্বান জানিয়ে বক্তারা বলেন, ইসরায়েলের অবৈধ কর্মকাণ্ডের জবাবদিহি নিশ্চিত করতে হবে এবং আটক নৌবহরের সদস্যদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। একই সঙ্গে মুসলিম বিশ্বের রাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধ হয়ে কার্যকর কূটনৈতিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানায় সংগঠনটি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন