শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

সোহাগ পরিবহনের কাউন্টারে হামলা, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি

বিশেষ প্রতিনিধি
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৯ পিএম
expand
সোহাগ পরিবহনের কাউন্টারে হামলা, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি

রাজধানীতে সোহাগ পরিবহনের কাউন্টারে হামলার ঘটনায় জড়িত সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি জনাব কফিল উদ্দিন আহমেদ, কার্যকরী সভাপতি জনাব এম. এ. বাতেন, মহাসচিব জনাব মো. সাইফুল আলম, বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান জনাব রমেশ চন্দ্র ঘোষ, ভাইস-চেয়ারম্যান জনাব বজলুর রহমান রতন, সাবেক সাধারণ সম্পাদক জনাব কফিল উদ্দিন আহমেদ, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি জনাব আ. রহিম বক্স দুদু এবং সাধারণ সম্পাদক জনাব হুমায়ূন কবির খান এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, গতকাল রাত ১১টা ১০ মিনিটে ঢাকার মালিবাগস্থ সোহাগ পরিবহন (প্রা.) লি.-এর যাত্রী কাউন্টারে একদল সন্ত্রাসী অতর্কিত হামলা চালায়। তারা কাউন্টার ভাঙচুর, লুটপাট এবং সাধারণ যাত্রীসহ পরিবহনের স্টাফদের দেশি ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে জখম করে। এতে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়, যাত্রীরা ছোটাছুটি করতে থাকে। এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে সারাদেশের পরিবহন মালিক ও শ্রমিকদের মধ্যে উদ্বেগ ও উত্তেজনার সৃষ্টি হয়।

বিবৃতিতে আরও বলা হয়, এ বিষয়ে সোহাগ পরিবহনের কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রমনা ও রামপুরা থানায় অভিযোগ দাখিল করেছেন। নেতৃবৃন্দ সারাদেশের মালিক, শ্রমিক ও যাত্রীদের নিরাপত্তার জন্য দ্রুত ব্যবস্থা নিয়ে সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন