রবিবার
১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
তথ্যপ্রযুক্তি মন্ত্রী

মাছ ধরার ট্রলারে ইন্টারনেট সংযোগ আনা জরুরি 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ১০:২২ পিএম
মতবিনিময় সভায় কথা বলছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।
expand
মতবিনিময় সভায় কথা বলছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

বঙ্গোপসাগরে জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে মাছ ধরার ট্রলারগুলোকে স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেটের আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

শনিবার (১১ এপ্রিল) সকালে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘সবার জন্য ইন্টারনেট’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভা শেষে কক্সবাজার সাবমেরিন ল্যান্ডিং স্টেশন এবং কক্সবাজার রেলওয়ে স্টেশনে যাত্রীদের জন্য ফ্রি ওয়াই-ফাই জোনের শুভ উদ্বোধন করেন তিনি।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মাছ ধরার ট্রলার ও জেলেদের নিরাপত্তার ওপর গুরুত্বারোপ করে বলেন, বঙ্গোপসাগরে জেলেদের নিরাপত্তার স্বার্থে ট্রলারগুলোতে ইন্টারনেট সংযোগ আনা জরুরি। এক্ষেত্রে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।

ফকির মাহবুব আনাম জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশের সব বিমানবন্দর ও রেলওয়ে স্টেশনসহ দ্রুতগতির ট্রেনগুলোকে ফ্রি ওয়াই-ফাই সেবার আওতায় নিয়ে আসার লক্ষ্যে কাজ চলছে। সরকার মানুষের দোরগোড়ায় আধুনিক ইন্টারনেট সেবা পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। এরই অংশ হিসেবে ইতোমধ্যে দেশের চারটি ট্রেনে সফলভাবে ইন্টারনেট সেবা চালু করা হয়েছে, যার মধ্যে দুটি ট্রেনই কক্সবাজার রুটের। এছাড়া সরকারি হাসপাতালগুলোতেও পর্যায়ক্রমে ফ্রি ওয়াই-ফাই সেবা চালুর কার্যক্রম চলমান রয়েছে।

পর্যটন খাতের উন্নয়নে তিনি আরও বলেন, কক্সবাজারের পর্যটন কেন্দ্রগুলোকে ফ্রি ওয়াই-ফাইয়ের আওতায় আনার কাজ চলছে। বিদেশি পর্যটকদের স্বাগত জানাতে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ইতিবাচক ভূমিকা পালন করতে হবে। এছাড়া পর্যটন খাতে বিনিয়োগকারীদের জন্য সুযোগ-সুবিধা আরও সহজলভ্য করার উদ্যোগ নিয়েছে সরকার।

জেলা প্রশাসক আব্দুল মান্নানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ। এছাড়া সেখানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান এবং পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমানসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য রাখেন।

সভায় নিরাপদ ইন্টারনেট ব্যবহার, সাইবার নিরাপত্তা নিশ্চিত করা এবং শিক্ষার ডিজিটাল রূপান্তরের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন