

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রেখে সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনী অধ্যাদেশ বিল আকারে সংসদে পাস হয়েছে।
বুধবার (০৮ এপ্রিল) দুপুরে জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ কর্তৃক উত্থাপিত সন্ত্রাসবিরোধী বিলটি কণ্ঠভোটে পাশ হয়। এর মধ্য দিয়ে পূর্বে জারি করা নিষেধাজ্ঞা আইনগত ভিত্তি পেল।
এর ফলে বিদ্যমান সন্ত্রাসবিরোধী আইনে সংশোধন এনে আরও কঠোর করা হয়েছে এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলোর কার্যক্রম বন্ধ রাখার বিধান বহাল রাখা হয়েছে।
এই বিল নিয়ে সংসদ ভবনের টানেলে অধিবেশনের বিরতিতে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম।
সন্ত্রাসবিরোধী আইনের বাস্তবায়ন ও আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধই বহাল থাকার প্রসঙ্গে জানতে চাইলে চিফ হুইপ নূরুল ইসলাম বলেন, আমাদের রাজনৈতিক দর্শন প্রতিশোধপরায়ণ রাজনীতি পরিহারের দর্শন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন- ‘আমরা ভালোবেসে মানুষের হৃদয় জয় করব’। তারেক রহমান মনে করেন- তিনি বাংলাদেশের সব মানুষের প্রধানমন্ত্রী। যারা তাকে ভোট দিয়েছে এবং ভোট দেয় নাই, উনি সবারই প্রধানমন্ত্রী। আইনের শাসনের ভিত্তিতে নিরপেক্ষ বিচার নিশ্চিত করা হবে এবং কেউ অপরাধী প্রমাণিত হলে বিদ্যমান আইন অনুযায়ী বিচার হবে, দল বিবেচনায় নিরপরাধ কাউকে হয়রানি করা হবে না।
চিফ হুইপ আরও উল্লেখ করেন, নতুন এই সংসদে অনেক সদস্যই দীর্ঘ সময় ধরে আন্দোলন-সংগ্রাম, কারাবরণ ও নির্যাতনের অভিজ্ঞতা নিয়ে এসেছেন এবং তারা এখন গণতান্ত্রিক প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণের মাধ্যমে দেশ গঠনে ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
মন্তব্য করুন
