

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মিডিয়া হাউসের চাইতেও একজন ইউটিউবারের প্রভাব প্রতিপত্তি এবং পরিধি অনেক বেশি বেড়ে গেছে বলে মনে করছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
বুধবার (২৫ মার্চ) সচিবালয়ে সরকারের এক মাস নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।
তথ্যমন্ত্রী বলেন, ‘সারা পৃথিবীতে গণমাধ্যম জগতের চেহারা এবং কাঠামোতে বড় ধরনের পরিবর্তন ঘটেছে। প্রতিষ্ঠিত মিডিয়া হাউসের চেয়েও একজন ইউটিউবারের প্রভাব-প্রতিপত্তি এবং পরিধি অনেক বেশি বেড়ে গেছে। এটি হয়েছে তথ্যপ্রযুক্তি এবং কমিউনিকেশন সায়েন্সের রূপান্তরিত পরিস্থিতির কারণে।’
তিনি আরও বলেন, ‘অনলাইন পত্রিকা, আইপি টিভিসহ নতুন নতুন প্ল্যাটফর্মের কারণে প্রচলিত নিয়ন্ত্রণমূলক আইন কাঠামোর মধ্যে এসব মাধ্যমকে আগের মতো সহজে আনা যাচ্ছে না। তবে এসব মাধ্যম এখন সমাজের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। তাই পুরো বিষয়টি কৌশলগতভাবে বিবেচনা করা প্রয়োজন।’
জহির উদ্দিন স্বপন বলেন, ‘গণমাধ্যম সংক্রান্ত বিষয়ে আমরা স্টেক হোল্ডারদের সঙ্গে নিয়েই একটি পরিকল্পিত পদক্ষেপ নিতে চাই। এজন্য আমি কোনো বিচ্ছিন্ন বিক্ষিপ্ত মন্তব্য করতে চাচ্ছি না আপাতত।’
তিনি জানান, গণমাধ্যম সংশ্লিষ্ট বিষয়ে খণ্ডিত আলোচনা না করে সংশ্লিষ্ট সব অংশীজনকে নিয়ে একটি সমন্বিত কৌশল নির্ধারণ করতে চান। এজন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন এবং আপাতত এ বিষয়ে বিচ্ছিন্ন কোনো মন্তব্য করতে চান না।
এ সময় জুলাই অভ্যুত্থানের যোদ্ধাদের সর্বসম্মতভাবে আইনি সুরক্ষা বা দায়মুক্তি দেওয়া হবে বলেও জানান তথ্যমন্ত্রী। তিনি জানান, জাতীয় সংসদের আগামী অধিবেশনেই এ সংক্রান্ত একটি আইন পাস করা হবে।
মন্তব্য করুন
