বুধবার
২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

কলার মোচা দেখিয়ে রেল থামানো এনামুলকে পুরস্কৃত করল রেলওয়ে

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ১১:৪৬ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

লাইনের ত্রুটি দেখে সম্ভাব্য রেল দুর্ঘটনা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় মো. এনামুল হককে পুরস্কৃত করেছে বাংলাদেশ রেলওয়ে।

মঙ্গলবার (২৪ মার্চ) বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে সম্মাননা স্মারক, সনদ ও আর্থিক পুরস্কার প্রদান করা হয়।

পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ তার হাতে এ সম্মাননা তুলে দেন। এ উপলক্ষ্যে তার সম্মানে এক সংবর্ধনারও আয়োজন করা হয়।

রেল মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দিনাজপুরের বিরামপুর উপজেলার পূর্ব জগন্নাথপুর গ্রামের বাসিন্দা মো. এনামুল হক গত সোমবার (২৩ মার্চ) সকাল ৬টা ৫০ মিনিটে বিরামপুর-ফুলবাড়ী স্টেশনের মধ্যবর্তী রেললাইনের জয়েন্টে প্রায় ৭ ইঞ্চি ভাঙন দেখতে পান।

তাৎক্ষণিকভাবে তিনি লাল সংকেত (কলার মোচা) প্রদর্শন করে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনকে থামার সংকেত দেন। এতে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, তার তাৎক্ষণিক ও বিচক্ষণ পদক্ষেপ রেল চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যাত্রীদের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

এজন্য একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এ পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান প্রকৌশলী (পশ্চিম) আহম্মদ হোসেন মাসুমসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা, রেলওয়ে শ্রমিক সংগঠনের প্রতিনিধি এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন