শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

খায়রুল বাশারের ৪২ কোটি টাকার সম্পদ জব্দ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১২ পিএম আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৩ পিএম
expand
খায়রুল বাশারের ৪২ কোটি টাকার সম্পদ জব্দ

প্রতারণার অভিযোগে বিএসবি গ্লোবাল নেটওয়ার্কসের মালিক মো. খায়রুল বাশার বাহারের প্রায় ৪২ কোটি ৮৫ লাখ টাকার সম্পদ জব্দ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, খায়রুল বাশার বাহার ও তার সহযোগীরা সাধারণ ছাত্রছাত্রীদের যুক্তরাষ্ট্র, কানাডাসহ বিশ্বের বিভিন্ন দেশে উচ্চশিক্ষার প্রলোভন দেখিয়ে কোটি কোটি টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিত।

প্রাথমিক অনুসন্ধানে প্রমাণ পাওয়ার পর, গুলশান (ডিএমপি) থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে ৪ মে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পরে ১৪ জুলাই ধানমন্ডি এলাকা থেকে সিআইডি তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে।

তদন্তে জানা যায়, অভিযুক্ত প্রতারণার অর্থ দিয়ে ১২২ দশমিক ৪৫ শতাংশ জমি কিনেছেন, যার বর্তমান বাজার মূল্য প্রায় ৪২ কোটি ৮৫ লাখ টাকা। সিআইডির আবেদন পেলে সিনিয়র স্পেশাল জজ আদালত তার নামে থাকা এই স্থাবর সম্পত্তি ক্রোকের আদেশ দেন।

নিজেকে শিক্ষাবিদ ও ব্যবসায়ী পরিচয় দিলেও, খায়রুল বাশার বাহার মূলত সংঘবদ্ধ প্রতারক চক্রের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে বিপুল সম্পদের মালিক হয়েছেন। মামলার তদন্ত এখনো চলছে এবং তার নামে দেশের বিভিন্ন স্থানে আরও সম্পদের খোঁজ চালানো হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন